ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জাহানারার দাবি ‘বানোয়াট ও দুঃখজনক’ আখ্যা বিসিবির 

জাহানারার দাবি ‘বানোয়াট ও দুঃখজনক’ আখ্যা বিসিবির 
×

নারী ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি (বাঁয়ে) ও জাহানারা আলম।

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫ | ২১:০৬

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা পেসার জাহানার আলম নারী দলের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। জাতীয় দল সিন্ডিকেটে চলে আখ্যা দিয়েছেন তিনি। অধিনায়ক জ্যোতি জুনিয়র ক্রিকেটারদের মারধর করেন, কিটব্যাগ টানান, মাথা টিপিয়ে নেন এমন অভিযোগ তার। 

একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে জাহানারা আরও দাবি করেন, তাকে ইচ্ছাকৃত বাদ দেওয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া থাকা এই নারী ক্রিকেটারের মন্তব্যের প্রেক্ষিতে মঙ্গলবার বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও দুঃখজনক। 

বিসিবি বলেছে, নারী দলের সাবেক এক ক্রিকেটার জাতীয় দলের বর্তমান অধিনায়ক, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট নিয়ে গুরুতর কিছু অভিযোগ করেছেন, যা বিসিবির নজরে এসেছে। বিসিবি এসব অভিযোগ স্পষ্ট এবং শক্তভাবে প্রত্যাখান করছে। এসব অভিযোগ ভিত্তিহীন, বানোয়াট এবং সত্যের কাছাকাছিও নয়। বাংলাদেশ নারী ক্রিকেট দল যখন উন্নতি করছে এবং আন্তর্জাতিক পর্যায়ে ভালো করছে, তখন এমন অবমাননাকর ও কলঙ্কজনক দাবিকে বোর্ড অত্যন্ত দুঃখজনক মনে করছে। 

বোর্ড মনে করছে, যে সময়ে, যেভাবে এসব অভিযোগ করা হয়েছে, তা উদ্দেশ্য প্রণোদিত এবং অসৎ মানসিকতার। এর উদ্দেশ্য গর্বের সঙ্গে এগিয়ে যাওয়া দলের সাহস ও আত্মবিশ্বাস গুড়িয়ে দেওয়া। জাতীয় দলের সঙ্গে যার কোন সম্পৃক্ততা নেই, দলের পরিকল্পনায় যিনি নেই, জনসম্মুখে তার এমন বিভ্রান্ত বিবৃতি খুবই হতাশার। বোর্ড স্পষ্ট করছে যে, নারী দলের নেতৃত্ব ও পরিচালনায় তাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে। বোর্ড কোনো দাবির পক্ষে প্রমাণ পায়নি। যে কারণে দৃঢ়ভাবে দল, দলের খেলোয়াড় ও স্টাফদের পাশে দাড়াচ্ছে।

আরও পড়ুন

×