সালমানের সেঞ্চুরিতে লঙ্কানদের সামনে তিনশ’
সালমান আঘার সেঞ্চুরি উদযাপন। ছবি: এএফপি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫ | ২০:০৭
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন সালমান আঘা। মিডল অর্ডারে তার সঙ্গে জুটি গড়েছেন হুসেইন তালাত। তাদের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে স্বাগতিক পাকিস্তান।
রাওয়ালপিন্ডিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯৫ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সাঈম আইয়ূব ৬ রান করে আউট হন। ৫৪ রানের জুটি গড়ে ফখর জামান ও বাবর আজম আউট হন পরপর।
এর মধ্যে ওপেনার ফখর ৫৫ বলে ৩২ রান করেন। বাবর আজম ৫১ বলে ২৯ রান যোগ করেন। রিজওয়ান ফিরে যান ৫ রান করে।
অল্প রানে ধসে যাওয়ার শঙ্কা থেকে পাঁচে নামা সালমান ও ছয়ে নামা তালাত ১৩৮ রানের জুটি গড়েন। পেস অলরাউন্ডার তালাত ৬৩ বলে ৬২ রান করে ফিরে যান। ছয়টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন তিনি।
সালমান ৮৭ বলে ১০৫ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে নয়টি চারের শট আসে। এছাড়া মোহাম্মদ নওয়াজ ২৩ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৩৬ রান যোগ করেন।
শ্রীলঙ্কার হয়ে ভালো বোলিং করেছেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৩ উইকেট নেন। আসিথা ফার্নান্দো ও মহেশ থিকসানা নেন একটি করে উইকেট।
- বিষয় :
- পাকিস্তান ক্রিকেট দল
- শ্রীলঙ্কা
- সালমান আঘা
