বিশ্বকাপে খেলার অপেক্ষায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ কুরাসাও
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ১৭:৫৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ১৮:৩৪
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক রূপকথা লেখার দুয়ারে দাঁড়িয়ে আছে কুরাসাও। কনক্যাকাফ অঞ্চলের এই দেশটি যদি শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট পায়, তবে তারাই হবে টুর্নামেন্টের মূল পর্বে খেলা ইতিহাসের সবচেয়ে ছোট দেশ। মাত্র ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যা এবং ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপরাষ্ট্রটি এই মুহূর্তে ইতিহাস গড়া থেকে মাত্র এক ড্র দূরে।
শুক্রবার রাতে বাছাইপর্বের ম্যাচে বারমুডাকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে কুরাসাও। এই জয়ে তাদের বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। আগামী বুধবার জ্যামাইকার বিপক্ষে শেষ ম্যাচে মাত্র একটি ড্র করলেই ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে তারা।
এর আগে কুরাসাও বিশ্ব ফুটবলের আলোচনায় এসেছিল ২০২৩ সালের মার্চে। সেবার তারা বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলেছিল। লিওনেল মেসির হ্যাটট্রিকে সেই ম্যাচে ৭-০ গোলে হারলেও কুরাসাও নামটি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিল। সেই দলটিই এখন নিজেদের যোগ্যতা প্রমাণ করে ইতিহাস গড়ার অপেক্ষায়।
ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ঠিক উত্তরে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত হলেও কুরাসাও খেলে কনক্যাকাফ অঞ্চলে। দেশটি ২০১০ সাল পর্যন্ত নেদারল্যান্ডস এন্টিলিসের অংশ ছিল। তারা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলে আয়তনের দিক থেকে কেপ ভার্দের (৪০০০ বর্গকিলোমিটার) গড়া পূর্ববর্তী রেকর্ড ভেঙে দেবে।
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- কুরাসাও
- বিশ্বকাপ বাছাই
