জাতীয় লিগে ছোট জয়ের রেকর্ড খুলনার
ছবি: ফাইল
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৩:৫১
জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে ঢাকা বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো ইনিংস ব্যবধানে জয় তুলে নিয়েছে। সিলেট এবং ঢাকা মেট্রো অবশ্য চার দিনের এই প্রথম শ্রেণির ম্যাচে সোমবারই (তৃতীয় দিন) জয় পায়। মঙ্গলবার জয় পেয়েছে ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ। এর মধ্যে রংপুরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে মাত্র ১ উইকেটে জিতেছে খুলনা বিভাগ। বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগে এটাই সবচেয়ে ছোট জয়ের রেকর্ড।
খুলনার বিপক্ষে প্রথম ইনিংসে ২২৪ রানে অলআউট হয় রংপুর বিভাগ। প্রথম ইনিংসে আব্দুর রাজ্জাক নেন সাত উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছয়শ' উইকেটের মাইলফলক স্পর্শ করেন। জবাব দিতে নামা খুলনা প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়। লিড পায় মাত্র ৯ রানের। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রংপুর বিভাগ ২১১ রানে থামে। দ্বিতীয় ইনিংস থেকে খুলনার আব্দুর রাজ্জাক আবার নেন পাঁচ উইকেট। ২০৩ রানের লিড পাওয়া খুলনা শেষ পর্যন্ত ১ উইকেটের জয় তুলে নেয়।
অন্য ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে ইনিংস ও ৪ রানের জয় তুলে নিয়েছে ঢাকা বিভাগ। চট্টগ্রামে রাজশাহী বিভাগ প্রথম ইনিংসে ২৩০ রানে অলআউট হয়। জবাবে ঢাকা বিভাগ প্রথম ইনিংস থেকে ৭ উইকেটে ৪৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাব দিনে নামা রাজশাহী দ্বিতীয় ইনিংসে আবার ২৪১ রানে অলআউট হয়। এর আগে সোমবার চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রো ইনিংস ও ৬৪ রানে জয় পায়। সিলেট ইনিংস ও ৩২ রানে হারিয়েছে বরিশালকে।