ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রাজকোটে অনুশীলনে মিঠুনের চোট

রাজকোটে অনুশীলনে মিঠুনের চোট
×

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক, রাজকোট থেকে

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৪:২৬ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৪:৩৩

দিল্লি ছিল বায়ু দূষণের নগরী। গুজরাটে গিয়ে বুক ভরে নির্মল অক্সিজেন নেওয়ার সুযোগ পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। সঙ্গে দিল্লি থেকে নিয়ে গেছেন জয়ের আনন্দ। মাহমুদুল্লাহরা সোমবারই রাজকোটে পৌছান। কিন্তু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০র আগে মঙ্গলবার প্রথম অনুশীলন করেন টাইগাররা। ওই অনুশীলনে সামান্য চোট পান দলের টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

রাসেল ডমিঙ্গোর শিষ্যরা বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেন। রাজকোটে প্রথম দিনের অনুশীলনে ভারতের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে একাদশে জায়গা না পাওয়া মিঠুন ব্যাটিং অনুশীলনে নামেন। এরপর স্কুপ খেলতে গিয়ে থুঁতনিতে বলের আঘাত পান তিনি। এরপরও ব্যাটিং চালিয়ে যান ডানহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। পরে বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও ঝুঁকি এড়াতে তাকে অ্যাম্বুলেন্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তার চোট গুরুতর নয় বলেই জানা গেছে।  

আগামী ৭ নভেম্বর বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয়ে সিরিজে লিড নিয়েছে বাংলাদেশ। রাজকোটে বাংলাদেশ দলের সামনে টি-২০ সিরিজ জয়ের সুযোগ। তবে ওই ম্যাচ নিয়ে আছে শঙ্কা। শক্তিশালী ঘূর্ণিঝড় 'মাহা' গুজরাটে আগামীকাল বুধবার রাতে অথবা ম্যাচের দিন সকালে আঘাত হানতে পারে। সঙ্গে সারা দিন ভারী থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভবনা আছে। দ্বিতীয় টি-২০ ম্যাচের ভাগ্যে তাই জমে আছে মেঘ।

আরও পড়ুন

×