ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫ | ১৭:৩৮ | আপডেট: ২১ নভেম্বর ২০২৫ | ১৭:৪৬

এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে ভারত ‘এ’ দলকে বড় লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে হাবিবুর ও মেহরবের ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রানের বিশাল সংগ্রহ গড়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। ফাইনালে যেতে হলে ভারত ‘এ’ দলকে করতে হবে ১৯৫ রান।

আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ঝড় তোলেন জিসান ও হাবিবুর। পঞ্চম ওভারে দলীয় ৪৩ রানে জিসানের বিদায়ে ভাঙ্গে এই জুটি। ১৪ বলে ২ ছক্কা ও ২ চারের মারে ২৬ রানে থামে জিসানের ইনিংস। এরপর একাই লড়াই চালিয়ে যান হাবিবুর। ৪৬ বলে ৬৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলের ভিত গড়ে দেন তিনি। যদিও তার যোগ্য সঙ্গী হতে পারেননি কেউ।  আব্রার ১৯ বলে ১৩, আকবর ১০ বলে ৯ আর রনি ২ বলে শূন্য রানে আউট হন।

হাবিবুরের বিদায়ের পর তাণ্ডব চালান এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী। এই জুটির বিধ্বংসী ব্যাটিংয়ে ইনিংসের শেষ ১২ বলে বাংলাদেশ পায় অবিশ্বাস্য ৫০ রান। মাত্র ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বড় পুঁজি এনে দেন মেহরব। ৯ বলে ২ চার ও ১ ছক্কায় ১৭ রানে অপরাজিত থাকেন ইয়াসির।

ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন বিজয়কুমার। ৪ ওভারে উইকেটশূন্য থেকে তার খরচ ৫১ রান। সবচেয়ে মিতব্যয়ী ছিলেন সুযশ শর্মা। ৪ ওভারে ১৭ রান খরচায় ১ উইকেট নেন তিনি। ৩৯ রান খরচায় ২ উইকেট নিয়েছেন গুরজাপনিত সিং।

টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে আকবর আলীর দল। গ্রুপ পর্বে হংকং ও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে এবং শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে অল্প ব্যবধানে হারলেও গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে পা রাখে বাংলাদেশ। অন্যদিকে, ‘বি’ গ্রুপে পাকিস্তান ‘এ’ দলের পেছনে থেকে দ্বিতীয় হয়ে শেষ চারে জায়গা করে নেয় ভারত ‘এ’ দল।

আরও পড়ুন

×