ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেতো-এনজোর গোলে চেলসির সহজ জয়

নেতো-এনজোর গোলে চেলসির সহজ জয়
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫ | ২২:২৫

বার্নলির মাঠ থেকে দাপুটে জয় নিয়ে ফিরেছে চেলসি। পেদ্রো নেতো ও এনজো ফার্নান্দেসের গোলে ২-০ ব্যবধানে জিতেছে এনজো মারেসকার শিষ্যরা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতে কিছুটা ছন্দহীন ছিল চেলসি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে তারা। পুরো ম্যাচে ৫৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখা চেলসি গোলের জন্য ১৫টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, স্বাগতিক বার্নলি ৮টি শট নিলেও চেলসির রক্ষণ ভাঙতে ব্যর্থ হয়।

ম্যাচের ৩৭তম মিনিটে ডেডলক ভাঙেন পেদ্রো নেতো। সতীর্থের বাড়ানো ক্রসে দুর্দান্ত এক হেডে চেলসিকে ১-০ গোলে এগিয়ে দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। প্রথমার্ধে এই লিড নিয়েই বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে চেলসি। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত। ৮৮তম মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেসের গোলে দলের ২-০ ব্যবধানের নিশ্চিত জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুজরা। এই জয়ে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের ওপরের দিকে নিজেদের অবস্থান শক্ত করল তারা। এক ম্যাচ কম খেলে ২৬ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে নগর প্রতিদ্বন্দ্বী আর্সেনাল।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের হাই-ভোল্টেজ ম্যাচে তারা মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। এরপর ৩০ নভেম্বর প্রিমিয়ার লিগে তাদের প্রতিপক্ষ টেবিল টপার আর্সেনাল।

আরও পড়ুন

×