ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেকর্ড রানে টেস্ট হারের অপেক্ষায় ভারত 

রেকর্ড রানে টেস্ট হারের অপেক্ষায় ভারত 
×

হতাশা নিয়ে মাঠ ছাড়ার সময় ভারতীয় ক্রিকেটাররা। ছবি: ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ১৭:৩২

গৌহাটিতে রেকর্ড রানের ব্যবধানে টেস্ট হারের পথে ভারত। অলৌকিক কিছু ঘটিয়ে শেষ দিন টেস্টটা ড্র করারও তেমন সম্ভবনা নেই ঋষভ পান্তদের সামনে। তবে সাই সুদর্শন, ধ্রুব জুরেলরা খুব ভালো খেলে ফেললে রানের ব্যবধানে সবচেয়ে বড় হারের শঙ্কা কাটতে পারে।

বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথম ইনিংসে ৪৮৯ রান তোলে। লোয়ার মিডল অর্ডারে স্পিন অলরাউন্ডার সিনুরান মুথুস্বামী ১০৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। পেস অলরাউন্ডার মার্কো ইয়ানসেন ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। ওখানেই ম্যাচে পিছিয়ে গেছে গৌতম গম্ভীরের দল।

জবাবে নেমে শুভমন গিলবিহীন ভারত মাত্র ২০১ রানে অলআউট হয়ে যায়। স্বাগতিকদের হয়ে ওপেনার জশস্বী জয়সোয়াল ৫৮ রান করেন। লোয়ারে স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ৪৮ রানের ইনিংস খেলেন। বাঁ-হাতি দীর্ঘদেহি পেসার ইয়ানসেন ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দেন। ডানহাতি স্পিনার সিমন হার্মার নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ২৮৮ রানের লিড পাওয়া প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬০ রান করে ইনিংস ঘোষণা করে। দ্বিতীয় ইনিংসে দলটির হয়ে ত্রিস্তান স্টাবস ৯৪ রান করেন। টনি ডি জর্জি ৪৯ করে আউট হন। ভারতকে ৫৪৯ রানের লক্ষ্য দেয় টেম্বা বাভুমার দল। চতুর্থ দিন শেষে ২৭ রান করে দুই ওপেনার জয়সোয়াল ও কেএল রাহুলকে হারিয়েছে ভারত।

শেষ দিন হার এড়াতে পুরো দিন ব্যাটিং করতে হবে ভারতের। একদিনে ৫২২ রান তুলে জয়ের সম্ভাবনা নেই দলটির সামনে। কারণ টেস্ট ক্রিকেট শেষ দিনে কখনো পাঁচশ’ রান দেখেনি। বরং ভারত ২০০৪ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার কাছে ৩৪২ রানে হারের চেয়ে বড় লজ্জায় পড়ার দ্বারপ্রান্তে। গৌহাটি টেস্ট ড্র করলে বা জিতলে ২৫ বছর পর ভারতে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে দক্ষিণ আফ্রিকা। 

আরও পড়ুন

×