ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধির আইডল মুশফিক

ভারতীয় ক্রিকেটার ঋদ্ধির আইডল মুশফিক
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:২৪ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৬:৩৮

রাজকোটে মঙ্গলবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে অনুশীলনে নামে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করেন টাইগাররা। ওই অনুশীলন দেখতে এসেছিলেন ভারতের বেশ কিছু নারী ক্রিকেটার। তাদের মধ্যে একজন ভারতের অনূ্র্ধ্ব-২৩ নারী দলের অধিনায়ক ঋদ্ধি রুপারেল। মুশফিকুর রহিমকে নিজের আইডল মনে করেন তিনি। তাই টাইগারদের অনুশীলন শেষ হলে প্রিয় ক্রিকেটারের সঙ্গে কথা বলে তবেই মাঠ ছাড়েন তরুণ এই নারী ক্রিকেটার।

মুশফিককে তার আইডল মানার কারণ হিসেবে ঋদ্ধি বলেন, 'আমার আর মুশফিকের উচ্চতা প্রায় একই রকম। আমি সবসময়ই আমার সমান উচ্চতার ক্রিকেটার এবং যারা উইকেটরক্ষক ব্যাটসম্যান তাদের অনুসরণ করি। এর আগে আমি বাংলাদেশে কলাবাগানের হয়ে খেলতে গিয়েছিলাম। তখন ইচ্ছা ছিল সাকিব এবং মুশফিকের সঙ্গে দেখা করার। কিন্তু তাদের অন্য একটি সিরিজ থাকায় তা সম্ভব হয়নি।'

এবার সেই ইচ্ছা পূরণ করলেন ঋদ্ধি। ভারতের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয় এবং মুশফিকের ব্যাটিং উপভোগ করেছেন এই নারী ক্রিকেটার, 'সর্বশেষ ম্যাচে তিনি খুবই ভালো খেলেছেন। যেভাবে তার ক্যাচ ফেলার পরে চারটি চার মারলেন তা একজন উইকেটরক্ষক ব্যাটসম্যানের জন্য স্বপ্নের মতো ব্যাপার।'

ঋদ্ধির মতো ক্রিকেটার ভারতে যে নেই তা কিন্তু নয়। তারপরও বাংলাদেশের ক্রিকেটার তার আইডল কেন। ঋদ্ধি জানান, ভারতেও তার অনেক প্রিয় ক্রিকেটার আছেন। ধোনিই তার প্রিয় ক্রিকেটারদের একজন। তবে ধোনি এবং মুশফিকের খেলার ধরণ আলাদা। ঋদ্ধি দাবি করেন, তার সঙ্গে মুশফিকের খেলার ধরনে মিল আছে।'

আরও পড়ুন

×