'ভারত চাপে কি-না জানি না, আমরা আত্মবিশ্বাসী'
ছবি: বিসিবি
ক্রীড়া প্রতিবেদন, রাজকোট থেকে
প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৯ | ০৭:৩৫ | আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ | ০৭:৪৭
দিল্লির জয়ে সাহস বেড়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটের জয়টা আত্মবিশ্বাস দিয়েছে টাইগারদের। এখন রাসেল ডমিঙ্গোর শিষ্যদের চোখ সিরিজ জয়ে। তবে সিরিজ জয়ের প্রত্যাশার জোয়ারে ভাসছে না বাংলাদেশ। সিরিজের কথা ভেবে নিজেদের ওপর চাপও বাড়াচ্ছে না। নিজেদের কাজটা করে যাচ্ছে ঠিকঠাক।
সোমবার রাজকোটে পৌঁছানো বাংলাদেশ দল মঙ্গলবার অনুশীলন করেছে। দিবা-রাত্রীর ম্যাচ হলেও সকাল ১০টা থেকে দুপর ১টার রোদে ঘাম-ঝরিয়েছেন তারা। গুজরাটে ঘূর্ণিঝড় 'মাহা' আঘাত হানার শঙ্কা আছে। ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা প্রবল। তাই বলে এক ম্যাচ জিতেই গায়ে বাতাস লাগানোর সুযোগ নেই ক্রিকেটারদের। রাজকোটে প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ জাতীয় দলের তরুণ তারকা আফিফ হোসেন বলেন, 'আমরা সিরিজ জয় কিংবা হারের কথা ভাবছি না। শুধু নিজেদের কাজটা করে যাচ্ছি। সামনে কী হবে তা নিয়ে চিন্তিত নই আমরা।'
প্রথম ম্যাচে বাংলাদেশ শুরু থেকেই চেপে ধরে ভারতকে। টাইগার বোলারদের চাপ সামলে উঠতে না উঠতেই ব্যাটসম্যানরা আবার চেপে ধরে ভারতকে। স্বস্তি পায়নি স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচের আগে তাই ভারত চাপে আছে কি-না প্রশ্ন উঠতেই আফিফের ত্বরিত উত্তর, 'তারা চাপে আছে কি-না আমি জানিনা। তবে আমরা আত্মবিশ্বাসী এইটুক বলতে পারি।'
বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে কিছুদিন আগেই একটা ঝড় বয়ে গেছে। তবে এখন সেটা বেশ শান্ত। কোচ রাসেল ডমিঙ্গো এবং টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ সব সামলে নিয়েছেন বলে উল্লেখ করেন বাঁ-হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি স্পিনার আফিফ হোসেন, 'ড্রেসিংরুমের পরিবেশ এখন খুবই ভালো। দলের প্রতি অধিনায়কের বার্তা হলো, যার যে সামর্থ্য সেটা পুরোপুরি দিতে হবে। কোচ আমাদের খোলা মনে খেলতে বলেছেন। দলের ক্রিকেটারদের ভালো করার এটা একটা কারণ।'
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- দ্বিতীয় টি-২০
- রাজকোট