‘সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই’, ড্রয়ের পর সতর্ক স্কালোনি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ১৮:৩৭
২০২৬ বিশ্বকাপের ড্রয়ের পর গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজ-কলমে আলবিসেলেস্তেদের জন্য গ্রুপটি বেশ সুবিধাজনক মনে হলেও, কোচ লিওনেল স্কালোনি কোনোভাবেই আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। বুয়েন্স আয়ার্সে সমর্থকদের উল্লাসের বিপরীতে তিনি শুনিয়েছেন সতর্কবার্তা, বিশ্বকাপে কোনো প্রতিপক্ষই সহজ নয়।
ড্র পরবর্তী প্রতিক্রিয়ায় স্কালোনি কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়ে বলেন, ‘আমরা সর্বোচ্চটুকু দেব এবং আগের বিশ্বকাপে যেমন করেছি, ঠিক সেভাবে প্রতি বলের জন্য লড়াই করব।’
গ্রুপ পর্ব পার হলে শেষ ৩২-এ আর্জেন্টিনার দেখা হতে পারে গ্রুপ ‘এইচ’-এর কোনো দলের সঙ্গে, যেখানে স্পেন ও উরুগুয়ের মতো পরাশক্তিরা রয়েছে। তবে স্কালোনি এখনই দূরের চিন্তায় মগ্ন নন। তিনি বলেন, ‘২০২২ সালেও বলেছিলাম সহজ প্রতিপক্ষ বলে কিছু নেই। ম্যাচ খেলতে হবে। যদি (পরের রাউন্ডে) কারো সঙ্গে মুখোমুখি হতে হয়, সেটা কঠিনই হবে। তবে আগে তো আমাদের গ্রুপ পার হতে হবে।’
গ্রুপের প্রতিপক্ষদের নিয়ে চুলচেরা বিশ্লেষণও করেছেন বিশ্বকাপজয়ী এই কোচ। আলজেরিয়াকে ‘চমৎকার খেলোয়াড়দের নিয়ে গড়া ভালো দল’ উল্লেখ করে তিনি তাদের কোচ ভ্লাদিমির পেটকোভিচের প্রশংসাও করেন, যিনি ইতালিয়ান ক্লাব লাৎজিওতে স্কালোনির কোচ ছিলেন। বাছাইপর্বে দুর্দান্ত খেলে আসা অস্ট্রিয়াকেও সমীহ করছেন তিনি।
তবে নবাগত জর্ডানকে নিয়ে স্কালোনি সবচেয়ে বেশি সতর্ক। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে অঘটনের হারের তিক্ত স্মৃতি এখনো ভোলেননি তিনি। সেই প্রসঙ্গ টেনেই স্কালোনি বলেন, ‘সেই অভিজ্ঞতা আমাদের আছে। তাই খেলতে হবে, লড়তে হবে।’
- বিষয় :
- বিশ্বকাপ ফুটবল
- আর্জেন্টিনা
- লিওনেল স্কালোনি
