ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কোরিয়াকে হারিয়ে ইতিহাস, হ্যাটট্রিকে নায়ক সেই আমিরুল

কোরিয়াকে হারিয়ে ইতিহাস, হ্যাটট্রিকে নায়ক সেই আমিরুল
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫ | ২১:১৮

২০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প লিখল বাংলাদেশ। শনিবার ভারতের মাদুরাইয়ে জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে লাল-সবুজের যুবারা।

এই ঐতিহাসিক জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ‘গোলমেশিন’ খ্যাত আমিরুল ইসলাম। দলের কঠিন মুহূর্তে জ্বলে উঠে তিনি উপহার দিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

ম্যাচের শুরুতে কোরিয়ার লি মিনহেয়াকের জোড়া গোলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। কিন্তু ২১ ও ২৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পরপর দুই গোল করে দলকে সমতায় ফেরান আমিরুল। বিরতির পর ৩৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশকে ৩-২ গোলে এগিয়ে দেন তিনি। এটি চলতি টুর্নামেন্টে তার চতুর্থ হ্যাটট্রিক এবং মোট গোলসংখ্যা দাঁড়াল ১৫-তে।

শেষ কোয়ার্টারে ওবায়দুল জয় ও রাকিবুল হাসান আরও দুটি গোল করলে কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় বাংলাদেশ। এই জয়ের ফলে ২৪ দলের বিশ্বকাপে ১৭তম হওয়ার লড়াইয়ে আগামীকাল অস্ট্রিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুন

×