গুঞ্জনই সত্যি হলো, ভেঙে গেল স্মৃতি মান্ধানার বিয়ে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫ | ১৫:৫০
নানা নাটকীয়তা, জল্পনা-কল্পনা আর সামাজিক যোগাযোগমাধ্যমের ফিসফাস সবকিছুরই অবসান ঘটল। সাত পাকে বাঁধা পড়া হলো না ভারতীয় নারী ক্রিকেটের পোস্টার গার্ল স্মৃতি মান্ধানার। সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের সঙ্গে তার বহুচর্চিত বিয়েটা শেষ পর্যন্ত ভেঙেই গেল।
গত ২৩ নভেম্বর এই জুটির বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল। বিশ্বকাপ জয়ের উৎসবে মাতোয়ারা ভারতের ক্রিকেটাঙ্গন অপেক্ষায় ছিল আরেকটি উৎসবের। কিন্তু বিয়ের দিনই স্মৃতির বাবার অসুস্থতা এবং পরবর্তীতে পলাশের হাসপাতালে ভর্তির ঘটনায় থমকে যায় সব আয়োজন। এর মধ্যেই ডালপালা মেলতে থাকে গুঞ্জন। পলাশের বিরুদ্ধে ওঠে বিশ্বাসভঙ্গের অভিযোগ, শোনা যায় স্মৃতির এক বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়ার কথাও।
দীর্ঘ নীরবতার পর অবশেষে মুখ খুলেছেন স্মৃতি। ইনস্টাগ্রামে এক বার্তায় ২৯ বছর বয়সী এই ওপেনার জানিয়ে দিয়েছেন, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চলছে। আমি অন্তর্মুখী মানুষ, তবে এটুকু পরিষ্কার করতে চাই বিয়ে বাতিল করা হয়েছে।’
বিচ্ছেদের কারণ নিয়ে বিস্তারিত কিছু না বললেও স্মৃতি এখন পুরোপুরি মন দিতে চান ক্রিকেটে। তিনি বলেন, ‘আমি চাই আপনারা উভয় পরিবারের গোপনীয়তাকে সম্মান করুন। আমার জীবনের মূল লক্ষ্য দেশের জার্সি গায়ে খেলা এবং ট্রফি জেতা। এখন এগিয়ে যাওয়ার সময়।’
অন্যদিকে, পলাশ মুচ্ছলও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিজের বিরুদ্ধে ওঠা প্রতারণার অভিযোগকে ‘ভিত্তিহীন গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। পলাশ বলেন, ‘এটি আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। ভিত্তিহীন গালগল্পের কারণে মানুষ যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা অত্যন্ত কষ্টদায়ক। যারা মিথ্যা ও মানহানিকর কনটেন্ট ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আমার টিম কঠোর আইনি ব্যবস্থা নেবে।’
- বিষয় :
- স্মৃতি মান্ধানা
