ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সাক্ষাৎকারে রিপন মণ্ডল

মানুষ চিনলাম বিপিএল নিলামে 

মানুষ চিনলাম বিপিএল নিলামে 
×

ছবি- ক্রিকইনফো

সেকান্দার আলী

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১১:২২ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৫ | ১২:২৪

আন্তর্জাতিক অভিষেক না হলেও জাতীয় দলের পাইপলাইনেই আছেন রিপন মণ্ডল। এশিয়ান গেমসে খেলেছেন দেশের হয়ে। এবার এশিয়া কাপ রাইজিং স্টারসে দুর্দান্ত পারফরম্যান্স করে সমর্থকদের হৃদয় জিতেছেন। সুপার ওভারে শূন্য রানে ভারতের দুই উইকেট শিকার করা বোলার তিনি। এমন পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই বিপিএলের নিলাম থেকে ভালো সম্মানী আশা করেছিলেন। তবে সে প্রত্যাশা পূরণ না হওয়ায় হতাশ হতে চান না ২২ বছর বয়সী এ পেসার। রিপন মণ্ডলের একান্ত সাক্ষাৎকার নিয়েছেন সেকান্দার আলী।

সমকাল: এশিয়া কাপ রাইজিং স্টারস টি২০ টুর্নামেন্টে সমর্থকরা আপনার নামে স্লোগান দিচ্ছিল। তাদের একটি ভিডিও আপনি ফেসবুকে পোস্ট করেছেন। কেমন ছিল সেই মুহূর্তগুলো?

রিপন: খুবই ভালো লেগেছে। টুর্নামেন্টের শুরু থেকে শেষপর্যন্ত খুবই ভালো গেছে। এ রকমভাবে শেষ করতে পারলে তো ভালো লাগে। আমাদের দর্শকরা অবিশ্বাস্যভাবে উজ্জীবিত করেছে। আমার ছোট ক্যারিয়ারে বড় মুহূর্ত বলতে পারেন।  

সমকাল: সুপার ওভারে দুই বলে দুই উইকেট নেবেন ভাবতে পেরেছিলেন?
রিপন:
সত্যি কথা বলতে আমি চিন্তা করিনি দুই বলে দুই উইকেট পাব। আমার সক্ষমতার জায়গায় বিশ্বাস রেখেছিলাম। নিজেকে বুঝিয়েছিলাম ভালো জায়গায় ডেলিভারি দিলে বিশ্বের কোনো ব্যাটার মারতে পারবে না। ভারতের ব্যাটার কে ছিল, সেদিকে খেয়াল করিনি। আমি আমার কাজটা করে গেছি এবং সফল হয়েছি।   

সমকাল: কাতারে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হলো। নতুন দেশে খেলে কেমন লেগেছে?
রিপন:
খুবই ভালো লেগেছে। ব্যাটিংবান্ধব উইকেট ছিল। মাঠ খুব বড় ছিল না। এক পাশে প্রবল হাওয়া দেওয়ায় রোমাঞ্চকর ছিল। এককথায় চ্যালেঞ্জিং কন্ডিশন ছিল। তবে যেভাবে তারা সুযোগসুবিধা রেখেছে, তাতে মনে হয়নি কাতারে প্রথম ক্রিকেট খেলা হয়েছে। মনে হচ্ছিল অনেক আগে থেকেই ক্রিকেট খেলা হচ্ছে।  

সমকাল: ব্যাটিংবান্ধব উইকেটে আপনার এমন ভালো বোলিং করার রহস্য কী?
রিপন:
আমি আমার জায়গায় ফোকাসে ছিলাম। ভালো জায়গায় হিট করতে পারলে এবং কিছুটা সুবিধা থাকলে সফল হওয়ার সম্ভাবনা বেশি। টি২০তে একটা দুটি ওভার যে কারও খারাপ যেতে পারে। প্রত্যাবর্তনটা যাতে ভালো হয়। আমার পরিকল্পনায় ছিল ভালো জায়গায় হিট করব, এতদিন যা অনুশীলন করেছি, ম্যাচে সেটাই করব।  

সমকাল: বিপিএলে প্রত্যাশিত সম্মানী না পাওয়ায় কোনো আক্ষেপ আছে?
রিপন:
আমার কোনো আক্ষেপ নেই। বিপিএলের নিলাম বা ড্রাফটে যে কোনো কিছু হতে পারে। এই অকশনে মানুষ চিনতে পেরেছি। গত তিনটি প্লেয়ার্স ড্রাফটে অনেকেই ফোন দিয়ে বলতেন, ‘তোমাকে আমরা নিতাম। ওরা আগে ডেকে নেওয়ায় মিস করেছি। এবার তো নিলামে বিট করার সুযোগ ছিল। সেই মানুষগুলোকে তো বিট করতে দেখলাম না। এই বিপিএল দিয়ে কিছু মানুষ চিনলাম।’ আমি আসলে ইতিবাচকভাবেই নিয়েছি। গত প্লেয়ার্স ড্রাফটে আমি ২০ লাখ ক্যাটেগরিতে ছিলাম। এবার ২৫ লাখ ক্যাটেগরিতে। পাঁচ লাখ টাকা বেশি পেলাম (হাসি)। ভালো খেলার কারণে হয়তো প্রত্যাশা ছিল অনেক। আলহামদুলিল্লাহ, আমার ফোকাস এখন ক্রিকেটে। কারণ যেটা হয়ে গেছে, সেটা আমি ফিরিয়ে আনতে পারব না। আমি একটি ভালো দলে গেছি। আল্লাহ আমার জন্য হয়তো ভালো কিছু রেখেছেন। 

সমকাল: এবার বিপিএলে নিজেকে কোথায় দেখতে চান?
রিপন:
এবার পর্যাপ্ত সুযোগ পেলে ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। লিগে সর্বোচ্চ উইকেট শিকার করতে পারলে ভালো লাগবে। বিগত বিপিএলে আমার ম্যাচ খেলার সুযোগ কিছুটা কম ছিল। এবার বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে টুর্নামেন্টের সেরা বোলার হতে চাই। 

সমকাল: এই বিপিএলে ভালো করে বিশ্বকাপ দলের পাইপলাইনে ঢুকতে চান?  
রিপন:
খেলোয়াড় হিসেবে জাতীয় দলে খেলার লক্ষ্য তো থাকেই। জাতীয় দল নিয়ে এখন ভাবছি না। আমার চিন্তা হচ্ছে পারফর্ম করা। আমি পারফর্ম করলে নির্বাচক স্যাররা যোগ্য মনে করলে অবশ্যই সুযোগ দেবেন। 

সমকাল: ২০২৬ সালে কী লক্ষ্য থাকবে আপনার?
রিপন:
সামনে যে যে খেলা থাকবে, সেখানে নিজেকে উজাড় করে দিয়ে সুযোগ সৃষ্টি করতে চাই। জাতীয় দলের লাইনআপে রাখা হলে সেটাকে কাজে লাগাব। 

সমকাল: ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকাতে ওয়ানডে বিশ্বকাপ হবে। ওই বিশ্বকাপকে সুযোগ হিসেবে দেখেন?
রিপন:
অবশ্যই। এখনও এক-দেড় বছর সময় আছে। আমি উন্নতি করতে পারলে, দুর্বলতাগুলো কাটিয়ে উঠলে এবং ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে অবশ্যই ডাক পাব। 

সমকাল: এই বিপিএলে কেমন উইকেট চান? 
রিপন:
আশা করব, ভালো উইকেটে খেলা হবে। শুধু ব্যাটারদের জন্য যেন সুবিধা না থাকে। স্পোর্টিং উইকেটে খেলা হলে ব্যাটার, বোলার– সবার সুযোগ থাকবে।

আরও পড়ুন

×