হকিতে লাল-সবুজের জয়গান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫ | ১১:২০
৫৯ মিনিটে অস্ট্রিয়া গোল করার পর কিছুটা শঙ্কা জাগে বাংলাদেশ শিবিরে। আর এক গোল করলেই ম্যাচে আসবে সমতা। ভয় আর শঙ্কার মধ্যেই কেটে যায় ৬০ সেকেন্ড। আম্পায়ার ম্যাচের সমাপ্তি ঘটাতেই বাংলাদেশের ডাগআউট থেকে একজন লাল-সবুজের পতাকা নিয়ে মাঠে প্রবেশ করেন। দেশের পতাকা সামনে রেখে পুরো দলের সবাই এক হয়ে ক্যামেরায় বন্দি হন। ততক্ষণে মাঠে প্রবেশ করেন নেদারল্যান্ডস কোচ সিগফ্রাইড আইকম্যান। কোচকে ঘিরে আমিরুল ইসলাম-রাকিবুল হাসানদের তখন বাঁধভাঙা উদযাপন।
ভারতের মাদুরাই ইন্টারন্যাশনাল হকি স্টেডিয়ামে বাংলাদেশের হকিতে দেখা মিলল নতুন আলো। জুনিয়র হকি বিশ্বকাপে মেহেরাব হাসান সামিনরা গড়েছেন নতুন ইতিহাস। গতকাল স্থান নির্ধারণী লড়াইয়ে আমিরুল ইসলামের হ্যাটট্রিকে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ২৪ দলের বিশ্বকাপে ১৭তম হয়ে শেষ করেছে লাল-সবুজের দলটি। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া আট দলের মধ্যে স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা নাম দিয়েছে চ্যালেঞ্জার ট্রফি।
এই বিশ্বকাপে হকিতে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন আমিরুল-রাকিবুলরা। বিশেষ করে ড্র্যাগ ফ্লিক স্পেশালিস্ট আমিরুল নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন। এই প্রতিযোগিতায় ছয় ম্যাচে পাঁচ হ্যাটট্রিক করা এ ডিফেন্ডারের গোল সংখ্যা ১৮। এদিনও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন আমিরুল। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন পর্যন্ত তিনিই। প্রায় প্রতি ম্যাচেই বাংলাদেশকে গোলের সূচনা এনে দিয়েছেন। সোমবারও বাংলাদেশের প্রথম গোলটি আসে তাঁর স্টিক থেকেই। পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের খাতা খোলেন আমিরুল। প্রথম কোয়ার্টারে আমিরুলের দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়।
দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। এই কর্নারটি নিয়েছিলেন হুজায়ফা। ২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের পঞ্চম মিনিটে রাকিবুল হাসানের ফিল্ড গোলে ব্যবধান গিয়ে দাঁড়ায় ৩-০। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পিসি পেলেও তা কাজে লাগাতে পারেনি। ৪৪ মিনিটে অস্ট্রিয়ার আন্দোর লোসোনসি ফিল্ড গোলের মাধ্যমে ব্যবধান কমান। তবে ৫০ মিনিটে পেনাল্টি স্ট্রোকে আমিরুল গোল করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা জোরালো হয়। ১ মিনিট পর অস্ট্রিয়ার বেঞ্জামিন দলের দ্বিতীয় গোল করলেও ঘাবড়ে যাননি বাংলাদেশের খেলোয়াড়রা। বরং ৫২ মিনিটে পেনাল্টি স্ট্রোক গোলে আমিরুল শুধু নিজের পঞ্চম হ্যাটট্রিকই করেননি, গোলের ব্যবধানকে নিয়ে যান তিনে। অবশ্য শেষ দিকে ৫৭ মিনিটে জুলিয়ান কায়সার এবং ৫৯ মিনিটে ম্যাথিউস নিউকোয়াক গোল করলে অস্ট্রিয়া শিবিরে আশার আলো জ্বলে। তবে বাংলাদেশও শেষ দিকে নিজেদের মনঃসংযোগ ধরে রাখে।
- বিষয় :
- হকি
- আমিরুল ইসলাম
