ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাফিনহার জাদুতে বার্সেলোনার সহজ জয়

রাফিনহার জাদুতে বার্সেলোনার সহজ জয়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩২

এল ক্লাসিকোতে হারের পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে বার্সেলোনা। লিগে টানা সপ্তম জয় তুলে নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিল কাতালান জায়ান্টরা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহার জোড়া গোলে ওসাসুনাকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলে রিয়ালের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সা।

ম্যাচজুড়ে একচেটিয়া আধিপত্য বিস্তার করে খেলেছে বার্সেলোনা। স্বাগতিকদের ২১টি শটের বিপরীতে ওসাসুনা নিতে পেরেছে মাত্র ৩টি শট। তবে আক্রমণের পসরা সাজালেও গোলের দেখা পেতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে তাদের। প্রথমার্ধে জালের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ডেডলক ভাঙেন রাফিনহা।

ম্যাচের ৭০ মিনিটে পেদ্রির বাড়ানো বল ধরে বক্সের কিনারা থেকে নেওয়া দারুণ শটে বার্সাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ব্রাজিলিয়ান তারকা। এরপর ৮৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ডান দিক থেকে আসা একটি ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে সুবিধাজনক স্থানে পড়লে আলতো টোকায় বল জালে জড়ান রাফিনহা।

এর আগে প্রথমার্ধের ২৩ মিনিটে ফেরান তোরেস বল জালে জড়ালেও তা বাতিল হয় অফসাইডের কারণে। মার্কাস রাশফোর্ডের ক্রস থেকে তোরেস হেড নিলেও বিল্ড-আপের সময় রাফিনহা অফসাইডে থাকায় গোলটি টেকেনি। তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে সেই আক্ষেপ পুষিয়ে দিয়েছেন রাফিনহা।

রক্ষণাত্মক কৌশলে খেলা ওসাসুনা মাঝেমধ্যে পাল্টা আক্রমণে ভয় ধরানোর চেষ্টা করেছে। দ্বিতীয়ার্ধের শুরুতে ভিক্টর মুনোজ বার্সা ডিফেন্ডার আলেহান্দ্রো বালদেকে পেছনে ফেলে গোলরক্ষক হোয়ান গার্সিয়ার মুখোমুখি হয়েছিলেন। কিন্তু একা পেয়েও শটটি লক্ষ্যে রাখতে ব্যর্থ হন তিনি।

এল ক্লাসিকোতে ২-১ ব্যবধানে হারের পর রিয়ালের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে এখন শিরোপা দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে চলে এসেছে দলটি।

আরও পড়ুন

×