বিএসজেএ মিডিয়া কাপের চ্যাম্পিয়ন চ্যানেল আই
শিরোপা নিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন দল চ্যানেল আইয়ের উদযাপন। ছবি: বিএসজেএ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৯:৫৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ | ১৯:৫৭
রংপুর রাইডার্স-বিএসজেএ (বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন) মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে চ্যানেল আই। সোমবার জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চ্যানেল ২৪কে হারিয়েছে তারা। চ্যানেল আই গত আসরেরও চ্যাম্পিয়ন দল।
সিক্স এ সাইড টুর্নামেন্টের ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে চ্যানেল ২৪ মাত্র ৩২ রানে আটকে যায়। রান তাড়ায় ২.৩ ওভারে ম্যাচ শেষ করে পূর্ণ ৫ উইকেটের জয় পায় চ্যানেল আই। ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা হয়েছেন চ্যাম্পিয়ন দলের সুব্রত গাইন।
চ্যানেল ২৪ এর আদদ্বীন সজীব টুর্নামেন্ট সেরা হয়েছেন। তিনি ৫ ম্যাচে ১১৫ রানের সঙ্গে ৪ উইকেট নিয়েছেন।
ফাইনাল শেষে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি রংপুর রাইডার্সের ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান ইশতিয়াক সাদেক।
বিশেষ অতিথি হিসেবে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার রহমান মিঠু উপস্থিত ছিলেন। বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস.এম. সুমন এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রায়হান আল মুঘনি ও দুই সিনিয়র সদস্য কাশীনাথ বসাক এবং দিলু খন্দকার পুরস্কার প্রদান মঞ্চে ছিলেন।
প্রধান অতিথি ইশতিয়াক সাদেক বলেন, বিএসজেএ’র দারুণ উদ্যোগ এই টুর্নামেন্ট। সামনেও পার্টনার হিসেবে বিএসজেএর সঙ্গে থাকতে চাই। আশা করি, সামনে আরও বড় পরিসরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট।
বিসিবি পরিচালক ফাহিম বলেন, নানা ব্যস্ততার মধ্যেও সাংবাদিকরা ক্রিকেট খেলছেন এটা অবশ্যই দারুণ বিষয়। বিসিবি পরিচালক মিঠু বলেন, এই টুর্নামেন্ট সাংবাদিকদের ক্রিকেটের ভালোবাসার প্রতি বহিঃপ্রকাশ।
বিএসজেএর পক্ষ থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ দেন। পাশাপাশি তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান রংপুর রাইডার্স, এইস ডেভেলপার্স, একমি, ইস্পাহানি ও নাবিল গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
- বিষয় :
- বিএসজেএ মিডিয়া কাপ
