ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জোটার স্মৃতিমাখা ম্যাচে লিভারপুলের জয়

জোটার স্মৃতিমাখা ম্যাচে লিভারপুলের জয়
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৩৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৩:৪৭

গত জুলাইয়ে স্পেনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়োগো জোটা। কিন্তু অ্যানফিল্ডের লাল গালিচায় তিনি এখনো জীবন্ত। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জোটারই দুই সাবেক ক্লাব লিভারপুল ও উলভারহ্যাম্পটন। 

ম্যাচ শুরুর আগেই অ্যানফিল্ডের বাতাস ভারী হয়ে ওঠে আবেগে। জোটার তিন সন্তানের দুজন দিনিস ও দুয়ার্তে মাসকট হিসেবে মাঠে নামে। একজনের হাত ধরে ছিলেন লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইক, অন্যজন ছিলেন উলভস গোলরক্ষক হোসে সার সঙ্গে। টাচলাইনে দাঁড়িয়ে অশ্রুসজল চোখে তা দেখছিলেন তাদের মা রুতে।

ম্যাচের ১৮তম মিনিটে উলভারহ্যাম্পটন তাদের সাবেক ১৮ নম্বর জার্সিধারীকে স্মরণ করে গান গায় গ্যালারিতে। আর ২০তম মিনিটে লিভারপুল তাদের প্রিয় ২০ নম্বর জার্সিধারীর স্মরণে দাঁড়িয়ে সম্মান জানায়।

আবেগঘন আবহেই প্রথমার্ধে ঝড় তোলে লিভারপুল। ম্যাচের প্রথম গোলটি আসে রায়ান গ্রাভেনবার্খের পা থেকে। গোল করেই তিনি জোটার আইকনিক ‘ক্রোকোডাইল’ উদযাপনের মাধ্যমে প্রয়াত সতীর্থের স্মৃতি ফিরিয়ে আনেন। এর কিছুক্ষণ পরেই লিভারপুলের জার্সিতে নিজের প্রথম গোলের দেখা পান ফ্লোরিয়ান উইর্টজ। বিরতির পর ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় লিগ টেবিলের তলানিতে থাকা উলভারহ্যাম্পটন। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে তোলু আরোকোদারের হেড আলিসন বেকার ফিরিয়ে দিলেও ফিরতি শটে ব্যবধান কমান বুয়েনো। 

এই জয়ে লিভারপুল লিগ টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল। টানা তিন জয়ে ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে তারা। অন্যদিকে, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে শুরুর ১৮ ম্যাচের একটিতেও জয়ের দেখা পেল না উলভারহ্যাম্পটন। ১৬ হার ও ২ ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে রেলিগেশন অঞ্চলের একেবারে তলানিতে তারা।

আরও পড়ুন

×