চেলসি থেকে চাকরি গেলো মারেস্কার
চেলসি থেকে চাকরি হারানো কোচ এনজো মারেস্কা। ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬ | ১৩:৩৭
নতুন বছরের প্রথম দিনেই কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলল চেলসি। দায়িত্ব নেওয়ার ১৮ মাসের মাথায় কোচ এনজো মারেস্কাকে বিদায় করে দিয়েছে লন্ডনের ক্লাবটি। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দুঃসংবাদ দিয়েছে চেলসি। একে তো ইদানীং ক্লাব ভালো খেলছে না, তার ওপর যোগ হয়েছে ক্লাব কর্তাদের সঙ্গে কোচের মতানৈক্য। ২০২৪ সালে মরিসিও পচেত্তিনোর বিদায়ের পর চেলসির দায়িত্ব নেওয়া মারেস্কার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তি ছিল ব্লুজদের।
দায়িত্ব নিয়ে এলোমেলো চেলসিকে গুছিয়ে এনেছিলেন ইতালিয়ান এ কোচ। এর ফলও আসতে শুরু করেছিল। তাঁর অধীনে উয়েফা কনফারেন্স লিগ জয়ের পর যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল চেলসি। কিন্তু ইদানীং চেলসির সময়টা ভালো যাচ্ছে না। সর্বশেষ সাত ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তারা। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৫ পয়েন্টে চলে গেছে।
এসব কারণে ক্লাবের কর্তাদের সঙ্গে কিছু দিন ধরেই সম্পর্ক ভালো যাচ্ছিল না মারেস্কার। গতকাল মারেস্কার চলে যাওয়ার খবর দেয় চেলসি, ‘হেড কোচ এনজো মারেস্কার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে চেলসি ফুটবল ক্লাব।’ এর কারণ হিসেবে তারা জানায়, ‘ভবিষ্যতের কথা ভেবে এবং চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে চেলসি ও মারেস্কা উভয় পক্ষ মনে করেছে, পরিবর্তন দরকার। ক্লাবকে জয়ের ধারায় ফিরিয়ে আনার জন্য এটাই সবচেয়ে উত্তম উপায়।’
কয়েক দিন ধরেই মারেস্কাকে নিয়ে আলোচনা চলছিল। শেষ দুই দিনে সেই জল্পনা আরও দানা বাঁধে। গতকাল তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় চেলসি। নতুন কোচ খোঁজা শুরু করে দিয়েছে ব্লুজরা। জানা গেছে, এ দৌড়ে এগিয়ে আছেন ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গের কোচ লিয়াম রোজেনির। প্রিমিয়ার লিগে ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি। সমান পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার ইউনাইটেড। মাত্র ২ পয়েন্ট পেছনে সান্ডারল্যান্ড ও এভারটন। ফলে আরও নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের।
তবে মারেস্কার চেলসি ছাড়ার পেছনে মূল কারণ ক্লাব কর্তাদের সঙ্গে মতানৈক্য। ১৩ ডিসেম্বর স্টামফোর্ড ব্রিজে এভারটনের বিপক্ষে জয়ের পর মারেস্কা বলে বসেন, ক্লাব কর্তাদের অনেকেই তাঁকে ও দলকে সাহায্য করছেন না। বিষয়টি পরিষ্কার করার জন্য গণমাধ্যমকর্মীরা অনেক চাপাচাপি করলেও এ ব্যাপারে আর মন্তব্য করেননি তিনি। এতেই আগুনে ঘি পড়ে। এর পরই ৪৫ বছর বয়সী এ কোচ এভারটনের বিপক্ষে ২-০ গোলের জয়টিকে চেলসিতে তাঁর ‘ভয়ংকর ৪৮ ঘণ্টা’ হিসেবে চিহ্নিত করেন। তখনই তাঁর ছাটাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে গিয়েছিল।
গত মঙ্গলবার বোর্নমাউথের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচে কোল পালমারকে বদলের সিদ্ধান্ত নেওয়ার পর চেলসি সমর্থকরাও কোচকে দুয়োধ্বনি দেন। সেদিন তিনিও বুঝিয়ে দেন, চেলসি ছাড়তে পারলেই খুশি হবেন তিনি। নাটকের এখানেই শেষ নয়। সংবাদ সম্মেলনে আসেননি তিনি, পাঠানো হয় সহকার কোচ উইলি কাবালেরোকে। বলা হয়, মারেস্কা অসুস্থ। চেলসির কোচ হওয়ার দৌড়ে রোজেনির ছাড়া আরও আছেন সাবেক আর্সেনাল তারকা সেস ফাব্রেগাস, বার্সেলোনার জাবি এবং বোর্নমাউথের কোচ আন্দোনি ইরাওলা।
- বিষয় :
- এনজো মারেস্কা
- চেলসি
- প্রিমিয়ার লিগ
- ফুটবল দলবদল
