মুশফিকে মুগ্ধ চাহাল
ছবি: ডেকানক্রনিক্যাল
ক্রীড়া প্রতিবেদক, রাজকোট থেকে
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ০১:৪৩
রোহিত শর্মা বাংলাদেশের প্রশংসা করেছিলেন ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে। বুধবার রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে একইভাবে প্রশংসা করলেন যুজবেন্দ্র চাহাল। ভারতের মাটিতে খেলতে এসে এমন প্রশংসা পাওয়া সত্যিই গর্বের। স্বাগতিকদের কাছ থেকে এই সম্মানটুকু প্রাপ্য টাইগারদের।
তিন ম্যাচ টি২০ সিরিজে ১-০-তে পিছিয়ে থাকলেও চাহাল নিজেদের ফেভারিট মনে করেন। চাপহীন ক্রিকেট খেলে সিরিজে ফেরার ব্যাপারেও আত্মবিশ্বাসী এই লেগি।
আন্ডারডগ হিসেবে খেলতে নেমে প্রথম টি২০-তে প্রতিপক্ষ ভারতকে ১৪৮ রানে বেঁধে ফেলে বাংলাদেশ। পরে সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় তিন বল হাতে রেখে ৭ উইকেটে ম্যাচ জেতে। এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসার দাবিদার। চাহাল উদারচিত্তে তা করলেনও, 'বাংলাদেশ যেমন ভালো ক্রিকেট খেলেছে ওদের প্রশংসা করা উচিত। আমরা জানি, ওদের চেয়ে আমরা ভালো দল। খেয়াল করলে দেখবেন, বাংলাদেশ শেষ দিকে প্রতিটি ম্যাচেই আমাদের বিপক্ষে লড়াই করেছে। ওরা সত্যিই খুব ভালো খেলেছে। বিশেষ করে মুশফিক অসাধারণ খেলেছে। তবে এটা তিন ম্যাচের সিরিজ, চাপের কিছু নেই। আমরা পিছিয়ে আছি, এখনও দুটি ম্যাচ বাকি আছে। ঘুরে দাঁড়াতে পারব বলে নিজেদের ওপর বিশ্বাস আছে।'
বাংলাদেশের প্রশংসা করলেও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী চাহাল, 'এমন নয়, এর আগে কখনও কোনো সিরিজের প্রথম ম্যাচে হারিনি, পরে সেই সিরিজ জিতিনি। এখানে যখন এসেছি তখনই পেছনের ব্যাপার ভুলে গেছি। এখানে নতুন শুরুর দিকে তাকিয়ে আছি। স্কোয়াডের সব খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট জয়ের দিকে তাকিয়ে আছে।' ভারত জয় ছাড়া চিন্তা করতে পারে না। দেশটির মানুষও তাই। এবার কেন যেন একটু অন্যরকম। বাংলাদেশের কাছে হারলেও মিডিয়া সেভাবে তুলাধোনা করেনি।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- চাহাল