কেন্দ্রীয় চুক্তিতে সাইফ-পারভেজ
সাইফ হাসান
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬ | ১৪:২৮
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২০২৫ সালে ২১ জন ক্রিকেটারকে রাখা হয়েছিল। এবার ছয়জন বাড়িয়ে ২৭ জনে উন্নীত করা হবে কেন্দ্রীয় চুক্তি। বিসিবি পরিচালনা পর্ষদের গত শনিবারের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত তিন সংস্করণে খেলা ক্রিকেটার কম হওয়ায় সংখ্যা বেড়েছে। পারভেজ হোসেন ইমন, সাইফ হাসানদের চুক্তিতে জায়গা করে দিতে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারের সংখ্যা বাড়ানোর প্রস্তাব ছিল।
২০২৫ সালে পাঁচটি ক্যাটেগরিতে বেতন নির্ধারণ করা হয়েছিল কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটারদের। ‘এ’ প্লাস তথা ১০ লাখ টাকা বেতনে ছিলেন তাসকিন আহমেদ। জাতীয় দলকে এক বছর সেবা দেওয়ায় শীর্ষ ক্যাটেগরিতে সম্মানিত করা হয়েছিল তাঁকে। টেস্ট, ওয়ানডে, টি২০ তিন সংস্করণে বিবেচ্য ছিলেন তিনি। গোড়ালিতে চোট না থাকলে তিন সংস্করণে খেলতেনও। ব্যথা নিয়ন্ত্রণে রাখতে এখন সীমিত ওভারের ক্রিকেটেও বিরতি দিয়ে ম্যাচ খেলতে হয় তাসকিনকে। ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তিতে ‘এ’ ক্যাটেগরিতে অবনমিত করা হতে পারে ৩০ বছর বয়সী এ পেসারকে। ‘এ’ প্লাস ক্যাটেগরিতে থাকার মতো ক্রিকেটার এ মুহূর্তে নেই বললে চলে। কারণ একজন ক্রিকেটারও নিয়মিত তিন সংস্করণে খেলার সুযোগ পাচ্ছেন না। তবে টেস্ট ও ওয়ানডে বিবেচনায় নিলে নাজমুল হোসেন শান্ত ‘এ’ প্লাস ক্যাটেগরিতে সম্মানিত হতে পারেন।
টেস্ট ক্রিকেটে এখন দেশের সেরা পারফরমার শান্ত। এই সংস্করণে গেল বছর স্বপ্নের মতো কেটেছে তাঁর। ওয়ানডে ক্রিকেটেও ভালো করেন তিনি। টেস্ট ও টি২০ ম্যাচে ধারাবাহিক খেলা লিটন ওয়ানডেতে অনিয়মিত। ২০২৫ সালে খেলা শেষ তিন সিরিজে একটি মাত্র ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দলে রাখা হয়নি। জাকের আলী তিন সংস্করণে নিয়মিত খেলেছেন। পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হলে ‘সি’ ক্যাটেগরিতে থাকা জাকেরকে প্রমোশন দেওয়া হতে পারে ‘বি’তে। তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিবকেও ‘বি’ ক্যাটেগরিতে রাখা হতে পারে। নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদকে চুক্তিতে রাখার জন্য সুপারিশ করা হয়েছে। এবাদত হোসেন ও মাহমুদুল হাসান জয় টেস্টে, মাহিদুল ইসলাম অংকন ওয়ানডে দলে আর মোহাম্মদ সাইফউদ্দিন ও শামীম হোসেন টি২০ দলে জায়গা করে নিলেও কেন্দ্রীয় চুক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে ২০২৬ সালে টেস্ট এবং ওয়ানডে সিরিজ বেশি থাকায় জয় বা এবাদতকে বিবেচনা করা হতে পারে।
কেন্দ্রীয় চুক্তির সম্ভাব্য ২৭ ক্রিকেটার: নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।
- বিষয় :
- বাংলাদেশ
- ক্রিকেট
- সাইফ হাসান
