পিএসএল
সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মুস্তাফিজ
মুস্তাফিজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:১৫ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩৩
আইপিএলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বাদ পড়ার আক্ষেপ ভালোভাবেই ঘুচল মুস্তাফিজুর রহমানের। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটি তাকে অবজ্ঞা করলেও পাকিস্তানের পিএসএলে জুটল রাজসিক সম্মান। নিলামের অপেক্ষা না করেই বাংলাদেশের এই তারকা পেসারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর মধ্য দিয়ে পুরোনো ঠিকানায় ফিরলেন ‘কাটার মাস্টার’।
লাহোর কালান্দার্সের সঙ্গে মুস্তাফিজের এই চুক্তির আর্থিক মূল্য ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৮১ লাখ টাকার বেশি। এর আগেও ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের হয়ে মাঠ মাতিয়েছিলেন ফিজ।
লাহোর কালান্দার্স তাদের ফেসবুকে লিখেছে, ‘আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, তিনি এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন তিনি।’
পিএসএলের অফিশিয়াল পেজেও মুস্তাফিজকে স্বাগত জানিয়ে লেখা হয়েছে, ‘মুস্তাফিজুর রহমান, পিএসএলের নতুন যুগে স্বাগত।’
Fizzzzzz 💚
— Lahore Qalandars (@lahoreqalandars) February 5, 2026
Our Bangladeshi brother, @Mustafiz90, picked in 2016 and 2018, is now our direct signing and finally back with the family. Once a Qalandar, always a Qalandar. 🫂
Amount spent on DS: PKR 6.44 Crore 💰#Number1TeamForAReason #QalandarDilSe pic.twitter.com/rLMTJB6ybh
আইপিএলের আসন্ন আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দেয় কেকেআর। মূলত ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর চাপের মুখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে আইপিএল থেকে বাদ পড়ার পরই পিএসএলের নিলামে নাম লেখান ৩০ বছর বয়সী এই পেসার। মুস্তাফিজের মতো অভিজ্ঞ বোলারকে পেতে নিলামে কাড়াকাড়ি হতে পারে, এই শঙ্কায় তাকে সরাসরি চুক্তিতেই নিশ্চিত করেছে লাহোর। ২০১৮ সালে লাহোরের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়ে বাজিমাত করেছিলেন মুস্তাফিজ। তার সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতাই তাকে লাহোরের অটো চয়েসে পরিণত করেছে।
লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে রিটেনশন নিয়মে। আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন করবে দলগুলো। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক এখন ভিন্ন মোড় নিয়েছে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে।
- বিষয় :
- পিএসএল
- মুস্তাফিজুর রহমান
