আর্সেনাল ও চেলসির দাপট, রেড ডেভিলদের উৎসব
ছবি- সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:০১
প্রিমিয়ার লিগে এক রাতেই জয়ের দেখা পেয়েছে জায়ান্টরা। ওল্ড ট্রাফোর্ডে টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর হ্যাটট্রিক করে চেলসিকে জিতিয়েছেন কোল পালমার। অন্য ম্যাচে সান্ডারল্যান্ডকে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
ঘরের মাঠে ১০ জনের টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৯ মিনিটে ক্রিশ্চিয়ান রোমেরো লাল কার্ড দেখলে কোণঠাসা হয়ে পড়ে স্পার্সরা। এই সুযোগে ব্রায়ান এমবেউমো ও ব্রুনো ফার্নান্দেজের গোলে সহজ জয় তুলে নেয় রেড ডেভিলরা।
উলভারহ্যাম্পটনের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে চেলসি। ম্যাচের নায়ক কোল পালমার। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি, যার দুটি এসেছে পেনাল্টি থেকে। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন টোলু অ্যারোকোডারে।
ভিক্টর গিয়োকেরেসের জোড়া ও মার্টিন জুবিমেন্ডির এক গোলে সান্ডারল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলের চূড়াতেই থাকল গানাররা। এছাড়া দিনের অন্য ম্যাচে জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ও ফুলহ্যাম।
- বিষয় :
- প্রিমিয়ার লিগ
- আর্সেনাল
- চেলসি
