টি২০ বিশ্বকাপ
ভারত-পাকিস্তান ম্যাচের উত্তাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৩৭
মাঠের বাইরের উত্তাপ শুরু হয়েছিল আরও আগে। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না বলে ঘোষণাও দিয়েছিল পাকিস্তান। তবে শেষ মুহূর্তে ইউটার্ন নিয়ে ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে ম্যাচ খেলার ঘোষণা দিয়ে সেই উত্তাপ নিভিয়েছে পাকিস্তান। মধ্যস্থতায় পিসিবিকে ভারতের সঙ্গে খেলার জন্য অনুরোধ জানিয়েছিল বিসিবি। সে কারণে ম্যাচটি উপভোগ করতে সেদিন কলম্বো থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আর ম্যাচটি ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে কথা চালাচালি। পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানের ঘোষণা, ‘এবার ভিন্ন মানসিকতায় খেলতে নামবে পাকিস্তান।’ টানা দুই ম্যাচ জিতে এ মুহূর্তে আত্মবিশ্বাস তুঙ্গে পাকিস্তানের। তবে টি২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে তাদের রেকর্ড একেবারেই ভিন্ন। এখন পর্যন্ত এই আসরে মোট আটবারের দেখায় একবার ভারতকে হারাতে পেরেছে তারা। তা ছাড়া গেল এশিয়া কাপে তিন ম্যাচের সবগুলোতেই হেরেছে পাকিস্তান।
যদিও তারা জিততে পারেনি, তবে লড়াইটা হয়েছিল বেশ। কলম্বোয় এবার সে কথায় মনে করিয়ে দিয়েছেন ফারহান। ‘আমরা শেষ এশিয়া কাপের ম্যাচগুলো একপক্ষীয় খেলিনি। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিলাম। আশা করি, এবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটই খেলব।’
সূর্যকুমার স্বীকার না করলেও তাঁর দলের অন্যতম ব্যাটার তিলক বার্মা কিন্তু মেনে নিয়েছেন পাকিস্তানের সঙ্গে বিশ্বকাপের আসন্ন ম্যাচটি খেলতে তারা উন্মুখ হয়ে আছেন। ‘সত্যি কথা বলতে কি পাকিস্তানের সঙ্গে ওই ম্যাচটি খেলতে আমরা অধীর অপেক্ষায় আছি। আমরা প্রস্তুত আরও একবার পাকিস্তানের মুখোমুখি হতে। আমরা বিশ্বকাপে প্রতিটি দলের ম্যাচ দেখেছি, তাদের বোলার ও ব্যাটারদের সূক্ষ্মভাবে খেয়াল করেছি। আমরা ম্যাচ জোনের মধ্যে চলে এসেছি। এবং ওই ম্যাচের জন্য পরিকল্পনাও শুরু করব। গৌতম ভাই আমাদের বলে দিয়েছেন যদি শুরুতে উইকেট পড়ে যায়, তাহলে আমাকে আর সূর্যকুমারকে ধরে খেলতে হবে।’
তিলক বার্মার কথাতেই স্পস্ট পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ঘিরে উত্তাপ শুরু হয়ে গেছে ভারতীয় ড্রেসিংরুমে। শ্রীলঙ্কাতেও সেই উত্তাপের আঁচ পড়েছে। পর্যটক আসতে শুরু করেছে কলম্বোতে সুপার সানডের ম্যাচটি উপভোগ করতে। গতকাল নামিবিয়ার বিপক্ষে ম্যাচ শেষ করে আজই কলম্বো রওনা দেবে ভারতীয় দল। তারপর হয়তো হাইভোল্টেজ ম্যাচটির আলোচনা আরও বেড়ে যাবে। তবে এই ম্যাচের আগে নিজেদের শান্ত রাখার চেষ্টা করছেন ফারহান। ‘এটি আমাদের কাছে একটি সাধারণ ম্যাচ। আমরা সাধারণভাবেই খেলব।’
- বিষয় :
- ভারত-পাকিস্তান
- টি-টোয়েন্টি বিশ্বকাপ
