নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২৫
ট্রফি নিশ্চিত করতে দরকার ছিল মাত্র এক পয়েন্ট। কিন্তু ড্র করে নয়, শেষটা দাপুটে জয়েই রাঙাল রাজশাহী স্টার্স। শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে নারী ফুটবল লিগের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ঋতুপর্ণা চাকমার দল।
মেয়েদের লিগে এবারই প্রথম অংশ নিয়েছিল রাজশাহী স্টার্স। আর অভিষেক আসরেই গড়ল অনন্য এক রেকর্ড। লিগের ১০ ম্যাচের ১০টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা। পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে শিরোপা জেতার এই কীর্তি দলটির জন্য এক বড় অর্জন।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। তবে বিরতির পরই পাল্টে যায় দৃশ্যপট। ৪৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতির পাসে গোল করে রাজশাহীকে এগিয়ে দেন আলপি আক্তার। এরপর ৫৮ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রসে দারুণ এক ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার রিপা।
ম্যাচের ৮৭ মিনিটে দলের বড় জয় নিশ্চিত করেন অধিনায়ক ঋতুপর্ণা নিজেই। শাহেদা আক্তার রিপার বাড়ানো ক্রস আলপির মাথা ছুঁয়ে ঋতুপর্ণার পায়ে এলে বাঁ পায়ের নিখুঁত শটে জালে জড়ান এই ফরোয়ার্ড। রেফারির শেষ বাঁশি বাজতেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার উল্লাসে মেতে ওঠে পুরো দল।
- বিষয় :
- নারী ফুটবল
- ঋতুপর্ণা চাকমা
