ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার ‘অভিশপ্ত অভিযান’

অস্ট্রেলিয়ার ‘অভিশপ্ত অভিযান’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | ১৪:৩৯

যে দলকে আসর শুরুর আগে ফেভারিট বলেছিলেন রিকি পন্টিং, যে দল অন্তত সেমিফাইনাল খেলবে বলে ভবিতব্য করেছিলেন ওয়াসিম আকরাম। সেই দল কিনা সুপার এইটেই যেতে পারল না। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কা–টানা দুই ম্যাচ হেরে টি২০ বিশ্বকাপের এবারের আসর থেকে বিদায় নিশ্চিত মিচেল মার্শদের। এখন হাতে থাকা ওমানের বিপক্ষে ম্যাচটি তাদের শুধু নিয়ম রক্ষার। কিন্তু যে দল ২০২১ সালের চ্যাম্পিয়ন, গত পাঁচ বছরে সেই দলের কেন এত অধঃপতন? ২০০৯ সালের পর আবার গ্রুপ পর্ব থেকে বিদায়। সাবেক অধিনায়ক মার্ক ওয়াহ সিডনির একটি রেডিওতে দেওয়া প্রতিক্রিয়ায় দল নির্বাচনে দুর্বলতা ও স্টিভ স্মিথকে উপেক্ষা করাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। ‘আমার মনে হয়, দল নির্বাচন নিয়ে সমস্যা এবং খেলোয়াড়দের চোটের কারণে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মিশনটি অভিশপ্ত ছিল।’ ম্যাথু হেইডেন ও মার্ক ওয়াহর মতো অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলির দূরদর্শিতার অভাবকেই দায়ী করেছেন। ‘নির্বাচকরা ফর্মে থাকা ক্রিকেটারদের বাদ দিয়ে আধা ফিট খেলোয়াড়দের ওপর বেশি নির্ভর করেছেন। এবং বিশ্বকাপে আসার আগে তাদের প্রস্তুতিরও ঘাটতি ছিল।’

অস্ট্রেলিয়া গত ১০ বছর পেস বিভাগে যে ত্রয়ীদের নিয়ে খেলছে, সেই স্টার্ক, কামিন্স, হ্যাজেলউডদের কেউই নেই এবারের আসরে। তাদের অনুপস্থিতিতে নাথান এলিস আর ডারশুইস লঙ্কান কন্ডিশনের সঙ্গে মোটেই মানিয়ে নিতে পারেননি। পাল্লেকেলেতে তারা শুধু জোরের ওপর বোলিং করার চেষ্টা করে গেছেন। অথচ এই উইকেটে লঙ্কান পেসাররা সফলতা পেয়েছিলেন স্লোয়ারে। সেই সঙ্গে এলিসদের প্রত্যেকে ওভারপ্রতি অন্তত দুটি বল লেগ সাইডে করেছেন। গত এক দশকে অস্ট্রেলিয়ার এত বাজে পেস বিভাগ কেউ দেখেনি। ব্যাটারদের মধ্যে টিম ডেভিড ও ম্যাক্সওয়েল পুরো ফিট ছিলেন না। ক্যামেরন গ্রিনের কাছ থেকেও প্রত্যাশিত রান পায়নি দল।

শ্রীলঙ্কার বিপক্ষে মার্শ আর হেডের ১০৪ রানের জুটির পরেও শেষ ১০টি উইকেট পড়েছিল তাদের ৭৭ রানে। এখানেই মার্ক ওয়াহ স্টিভ স্মিথকে খেলানোর পক্ষে মত দিয়েছিলেন। তিনি মনে করেন স্মিথকে সিডনি থেকে ডেকে নিয়ে গিয়েও বসিয়ে রাখাটা ঠিক হয়নি। ‘শুরুতে স্টিভ স্মিথকে স্কোয়াডে না রাখাটা আমার কাছে মনে হয়েছে কয়েক যুগের মধ্যে সবচেয়ে বিস্ময়কর বাদ পড়ার ঘটনা। তারা দল নির্বাচনে পুরোপুরি ভুল করেছে। আপনার দলের সেরা খেলোয়াড় যে কিনা অন্যদের চেয়ে যোজন যোজন এগিয়ে, সেই স্টিভ স্মিথকে সাইড বেঞ্চে বসিয়ে রাখা... সত্যি বলতে কি এটা স্মিথের জন্য একটা অপমানজনক ব্যাপার।’ বিগব্যাশে সিডনি সিক্সার্সের হয়ে প্রায় ৬০ গড়ে রান করেছেন স্মিথ। তাঁকেই কিনা বাদ দিয়েছে জর্জ বেইলির নির্বাচক প্যানেল। ‘স্মিথ স্পিনের বিপক্ষে একজন অসাধারণ ব্যাটার। ওকে সবার আগে দলে নেওয়া উচিত ছিল। নির্বাচকদের নিজস্ব পরিকল্পনা থাকতেই পারে কিন্তু আপনার অন্তত এই জ্ঞানটুকু থাকা উচিত যে কোন খেলোয়াড় ফর্মে আছে আর কারা ফর্মহীন।’ মার্ক ওয়াহর মতো সাইমন ক্যাটিচও মনে করেন অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে স্মিথকে একাদশে রাখা উচিত ছিল, সেই সঙ্গে ম্যাট রেনশকে খেলানো দরকার ছিল। আরেক সাবেক ক্রিকেটার ইয়ান হিলি মনে করেন বিশ্বকাপের আগে বিগব্যাশকে বেশি গুরুত্ব দিয়েছেন খেলোয়াড়রা। তা ছাড়া গত কয়েক বছর অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে গায়ের শক্তি দিয়ে ব্যাট চালানোর প্রবণতা বেড়েছে, সেখানে উপেক্ষিত থেকে গেছে ক্রিকেটারদের কৌশলগত ব্যাটিং দক্ষতা।

আরও পড়ুন

×