প্রয়াত কোচ মাহবুব আলী জাকি স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:১৬
জাতীয় ক্রিকেট দলের প্রয়াত বোলিং কোচ মাহবুব আলী জাকির স্মরণে কুমিল্লায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৭ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ঐতিহ্যবাহী ইলেভেন স্টার ক্লাবের আয়োজনে মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গড়াবে এই আসর।
সোমবার কুমিল্লা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক ম্যানেজার বদরুল হুদা জেনু।
প্রয়াত কোচের স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘মাহবুব আলী জাকি ছিলেন ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষ। খেলার মাঠেই তার জীবনাবসান হয়েছে। তার কীর্তি ও অবদান নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই উদ্যোগ।’
টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক আম্পায়ার এনামুল হক মনি। কুমিল্লার স্থানীয় ৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৪ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান এমদাদুল হক ইমদু, ক্রিকেট কোচ হাবীব মোবাল্লেগ জেমস ও রিয়াজ মাহমুদসহ আরও অনেকে।
- বিষয় :
- ক্রিকেট-বাংলাদেশ
