ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মিলারের বার্তা ‘ভারত অজেয় নয়’

মিলারের বার্তা ‘ভারত অজেয় নয়’
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৫৭

গেলবার টি২০ বিশ্বকাপ জয়ের পর এ পর্যন্ত এই ফরম্যাটে মোট ৪৫টি ম্যাচ খেলেছে ভারত, যার মধ্যে হার মাত্র চারটিতে। তার মধ্যে আবার দুটিই প্রোটিয়াদের বিপক্ষে। তাই আহমেদাবাদে ভারতকে হারিয়ে ডেভিড মিলারের বার্তা, ‘তারা অপরাজেয় নয়।’ 

তাঁর এই ছোট্ট কথার মধ্যে অনেক বড় বার্তা রয়েছে। যেখানে বাকি দলগুলোও উৎসাহ পেতে পারে। সেদিন আহমেদাবাদে ডেভিড মিলার আর ব্রাভিস মিলে ভারতীয় বোলারদের ওপর এমন চড়াও হয়েছিলেন যে দিশেহারা দেখায় সূর্যকুমারকে। ২০ রানের মধ্যে ৩ উইকেট পড়ে যাওয়ার পর প্রায় বিধ্বংসী শতরানের জুটি গড়েন তারা মাত্র আট ওভারের মধ্যে। সে সময় তাদের পাল্টা চাপে ফেলতে পারেননি বরুণ-ওয়াশিংটনরা, যা নিয়ে প্রবল সমালোচনার মুখে সূর্যকুমারের অধিনায়কত্ব। 

ধারাভাষ্যকার আকাশ চোপড়ার মতে, ওয়াশিংটন সুন্দরকে কেন পাওয়ার প্লেতে আনা হয়নি। গাভাস্কারের মতো মিলারদের আউট করার চেষ্টা না করে সূর্যকুমার রান আটকানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। তবে এসবের কিছুই গায়ে মাখছেন না ডেডিড মিলার। ম্যাচ শেষে তাঁর শান্ত জবাব, ‘আমাদের মূল লক্ষ্যই ছিল সাধারণ বিষয়গুলো ভালোভাবে মাঠে কাজে লাগানো। আমাদের এই দলটি অনেক পরিণত। দলের অনেকেই একসঙ্গে খেলছে বহুদিন ধরে। তারা জানে, চাপের মুখে কীভাবে খেলতে হয়।’

যে চাপ সামলাতে পারে না বলে প্রোটিয়াদের বদনাম রয়েছে, সেই বদনাম তারা এবার ভারতের গায়েই যেন দিয়ে দিল। এদিনের ম্যাচ শেষে পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম যেমন বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিশাল জুটির সময় ভারতীয় অধিনায়কের শরীরী ভাষায় দিশেহারা ও বিচলিত মনে হয়েছে।’ বুমরাহকে ইনিংসের শেষ ওভার না করিয়ে হার্দিককে আনারও সমালোচনা শুনতে হয়েছে সূর্যকুমারকে। 

আসলে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হেরে প্রচণ্ড একটা ধাক্কা খেয়েছে ভারতীয় এই দল। তাদের ধারণা ছিল, প্রতিপক্ষ ছিল যত বড় স্কোরই গড়ুক না কেন, তা তাড়া করতে পারবে তারা। কিন্তু এদিন ৫১ রানের মধ্যে ইশান, তিলক, অভিষেক, ওয়াশিংটন আর সূর্যকুমারকে হারিয়ে কোহলির শূন্যতা ভীষণভাবে চোখে পড়ে। মিডল অর্ডারে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার মতো অভিজ্ঞ এবং দক্ষ ব্যাটারের অভাব রয়েছে ভারতের এই দলে। 

এই মুহূর্তে সেমিফাইনালে যাওয়ারও জটিল হিসাব তাদের সামনে। ২৬ ফেব্রুয়ারি জিম্বাবুয়ে আর ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো একটি ম্যাচ হারলেই সেমির আশা প্রায় শেষ হয়ে যাবে। দুটি ম্যাচ জিতলেও বড় ব্যবধান রাখতে হবে, কেননা এ মুহূর্তে তাদের রানরেট মাইনাস ৩.৮০০।

সেখানে দক্ষিণ আফ্রিকা দারুণ স্বস্তিতে। মিলার জানিয়েছেন, তাদের লক্ষ্য অনেক বড়। ভেঙে না বললেও স্পষ্ট, শিরোপাতেই নজর তাদের।

আরও পড়ুন

×