ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চ্যালেঞ্জ নিয়ে মরিনহোর বার্নাব্যুতে ফেরা

চ্যালেঞ্জ নিয়ে মরিনহোর বার্নাব্যুতে ফেরা
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:০৬

এক সময় সান্তিয়াগো বার্নাব্যু ছিল হোসে মরিনহোর ঘর। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর সেই আপন ঘরে আর পা ফেলেননি তিনি। ১৩ বছর পর আবার বার্নাব্যুতে ফিরছেন মরিনহো। এবার অবশ্য ভিন্ন ভূমিকায়, রিয়ালের প্রতিপক্ষ বেনফিকার কোচ হিসেবে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্লে-অফের ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই দল। বেনফিকার মাঠে প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে ১-০ ব্যবধানে জিতে এসেছিল রিয়াল। 

মরিনহোর জন্য বার্নাব্যুতে প্রত্যাবর্তনটা বেশ চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। একে তো দল পিছিয়ে আছে, তার ওপর প্রথম লেগে ভিনিসিয়ুসকে বর্ণবাদী গালি দেওয়ার অভিযোগে তাঁর দলের আর্জেন্টাইন ফরোয়ার্ড জিয়ানলুকা প্রেসতিয়ান্নিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে উয়েফা। ফলে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারছেন না তিনি। উয়েফা জানিয়েছে, তদন্ত চলছে বলে সাময়িক শাস্তি। তদন্তে দোষী প্রমাণ হলে আরও বড় শাস্তি পেতে পারেন প্রেসতিয়ান্নি। সেটা ১০ ম্যাচের নিষেধাজ্ঞাও হতে পারে। অভিযোগ হলো প্রথম লেগে ভিনিসিয়ুস গোল করার পর প্রেসতিয়ান্নি নিজের জার্সি দিয়ে মুখ ঢেকে তাঁকে কিছু বলেছিলেন। ভিনি সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে রেফারিকে অভিযোগ করেন যে প্রেসতিয়ান্নি তাঁকে বর্ণবাদী গালি দিয়েছেন। কিলিয়ান এমবাপ্পে সমর্থন করে বলেন, প্রেসতিয়ান্নি অন্তত পাঁচবার ভিনিসিয়ুসকে ‘বানর’ বলেছেন। বিষয়টি নিয়ে প্রায় ১০ মিনিট খেলা বন্ধ ছিল। রিয়ালের খেলোয়াড়রা মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন। এ ঘটনার জের ধরেই মরিনহোকে সেদিন লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। যে কারণে আজ বেনফিকার ডাগআউট দাঁড়াতে পারবেন না পর্তুগিজ এ কোচ। অথচ এ মরিনহোকেই আগামী মৌসুমে ফেরানোর চিন্তা করছেন রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। 

প্রথম লেগের সেই ঘটনার রেশ যে আজকের ম্যাচে বেশ ভালো মতোই থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। রিয়াল কোচ আলভারো আরবেলোয়া জানিয়েছেন, ওই বর্ণবাদী মন্তব্যের পরও ভিনি সঠিক মানসিক অবস্থায় রয়েছেন। গতকালের অনুশীলনে সতীর্থদের সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে ব্রাজিলিয়ান এ তারকাকে। এমবাপ্পের সঙ্গে তাঁর জুটির ওপরই আস্থা রাখছে রিয়াল। তবে গত শনিবার লা লিগায় ওসাসুনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল। ওই ম্যাচের মতো খেললে আবার ধাক্কা খেতে পারে স্প্যানিশ জায়ান্টরা। বেনফিকা অবশ্য শনিবারের লিগ ম্যাচে ৩-০ গোলে জিতে এসেছে। 

রিয়ালে চোট সমস্যা রয়েছে। তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম ও ডিফেন্ডার এডার মিলিতা হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন, মিডফিল্ডার দানি সেবায়োস গোড়ালির চোটের কারণে ছিটকে গেছেন। আর ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। ওসাসুনার বিপক্ষে হারা ম্যাচে মাংসপেশিতে চোট পেয়েছিলেন ডিফেন্ডার ডিন হুইসেন। আজও তাঁকে নিয়ে শঙ্কা রয়েছে। প্রেসতিয়ান্নির নিষেধাজ্ঞা বাদে বেনফিকার শুধু হোয়াও ভেলেসোর চোট রয়েছে।

আরও পড়ুন

×