শ্রীলঙ্কায় নারী কর্মীকে হেনস্তার অভিযোগ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৬:৫৯
মাঠের ক্রিকেটের চেয়ে বাইরের বিতর্কিত ইস্যুতেই যেন বেশি আলোচনায় থাকে পাকিস্তান ক্রিকেট দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেওয়ার পর বাবরদের পারফরম্যান্স নিয়ে এমনিতেই চলছে তুমুল কাঁটাছেড়া। এর মাঝেই যোগ হলো নতুন এক অস্বস্তিকর খবর। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচের আগে টিম হোটেলের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে এক পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে।
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে ৫ রানে হারালেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় পাকিস্তানকে। সংবাদমাধ্যম ‘টেলিকম এশিয়া স্পোর্টস’-এর প্রতিবেদন অনুযায়ী, সেই ম্যাচের আগের দিনই ক্যান্ডির গোল্ডেন ক্রাউন হোটেলে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন পাকিস্তানের এক ক্রিকেটার।
প্রতিবেদনে বলা হয়, হোটেলের এক নারী পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে ওই ক্রিকেটার অসংলগ্ন আচরণ করার সময় সেই কর্মী চিৎকার করে সাহায্য চান। তখন হোটেলের অন্যান্য কর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে পাকিস্তান দলের ম্যানেজার নাভিদ চিমার কাছে জানান।
গোল্ডেন ক্রাউন হোটেল কর্তৃপক্ষ এই ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছিল এবং ওই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে চেয়েছিল। পরিস্থিতি সামাল দিতে দলের ম্যানেজার নাভিদ চিমা ওই খেলোয়াড়ের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষের কাছে ক্ষমা চান। পাশাপাশি অসদাচরণের জন্য তাৎক্ষণিকভাবে ওই ক্রিকেটারকে জরিমানাও করেন তিনি।
ঘটনার এখানেই শেষ হচ্ছে না। ওই ক্রিকেটারের নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির সামনে তাকে হাজির হতে বলা হয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, সেখানে তার বিরুদ্ধে আরও কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিদেশ সফরে গিয়ে পাকিস্তানি দলের সদস্যদের এমন অসদাচরণের ঘটনা অবশ্য এটিই প্রথম নয়। গত বছর ইংল্যান্ডে পাকিস্তান শাহিনস ট্যুরে নারীঘটিত এক অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তরুণ ব্যাটার হায়দার আলী। যদিও পরে প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। এছাড়া কয়েক বছর আগে মালয়েশিয়া সফরে দলের ম্যাসাজার মালাং আলীকেও এক নারী স্টাফের সঙ্গে অসদাচরণের জন্য জরিমানা গুণতে হয়েছিল।
