প্রধানমন্ত্রীর আপ্যায়নে সৌরভের ৫০ পদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১৩:১১
প্রথমবারের মতো দিবারাত্রির টেস্ট খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। ঐতিহাসিক এ দিনটি আরও বেশি স্মরণীয় করে রাখতে নতুন নতুন কর্মসূচি হাতে নিয়েছে আয়োজক দেশটি।
২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হতে যাওয়া গোলাপি বলের টেস্ট সামনে রেখে এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়ে ইতিবাচক সাড়াও পেয়েছেন সৌরভ গাঙ্গুলী। বিসিসিআইর দায়িত্ব নেওয়ার পর শুরুতেই দিবারাত্রির টেস্ট নিয়ে কথা বলেন তিনি। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে ছাপিয়েছে প্রধানমন্ত্রীর আপ্যায়নের মেন্যু, যেখানে ৫০ পদের খাবার থাকবে অতিথিদের জন্য।
ইডেনে শুরু হওয়া ওই টেস্টের প্রথম দিন অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর এ সময় মধ্যাহ্নভোজের জন্য তার ডাইনিংয়ে থাকবে ৫০ পদের খাবার, যার মধ্যে রয়েছে- গঙ্গার ইলিশ, ভেটকি পাতুড়ি, ডাব চিংড়ি। মাছের এ পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সব ধরনের জনপ্রিয় পদই থাকবে। এ ছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলো তো থাকছেই। তবে যেসব অতিথি মাছ পছন্দ করেন না, তাদের জন্য মুরগি ও খাসির নানা রকম আইটেম রাখা হবে।
এ ব্যাপারে সম্প্রতি ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) কর্তাদের সঙ্গে আলোচনা সেরে নিয়েছেন সৌরভ। বিচার-বিবেচনা করে তিনিই চূড়ান্ত মেন্যু ঠিক করবেন। কেবল হরেক রকম খাবার নয়, একই সঙ্গে নজর কাড়বে অতিথিদের জন্য তৈরি হওয়া উপহারগুলো। এ দিন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেওয়া হবে বিশেষ রকমের শাড়ি ও শাল।
