ক্যাবরেরার শেষের শুরু!
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬ | ১৪:২০
শুক্রবার এসেছেন ঢাকায়। গতকাল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি ম্যাচ স্টেডিয়ামে বসে দেখেছেন। জাতীয় দল নিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন সোমবার থেকে। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিই হতে পারে বাংলাদেশের ডাগ আউটে হ্যাভিয়ের ক্যাবরেরার শেষ। ৩১ মার্চ তাঁর সঙ্গে বাফুফের চুক্তি শেষ হচ্ছে। যতটুকু জানা গেছে, এ স্প্যানিয়ার্ডের সঙ্গে চুক্তি নবায়ন করছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
২০২২ সালের জানুয়ারিতে বাংলাদেশ অধ্যায় শুরু ক্যাবরেরার। শুরুতে তাঁর সঙ্গে ১১ মাসের চুক্তি হয়েছিল। এরপর আরও দুবার চুক্তি বাড়ানো হয়। তৃতীয়বার মেয়াদ বাড়ানোর আগে তাঁকে নিয়ে অনেক সমালোচনা হয়। বিশেষ করে একাদশ নির্বাচন ও কৌশল নিয়ে প্রশ্নবিদ্ধ ছিলেন তিনি। এত সমালোচনার পরও গত বছর তৃতীয়বারের মতো ক্যাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করে বাফুফে। তবে গত ৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইপর্বে ঢাকায় হংকংয়ের কাছে ৪-৩ গোলে হারের পর ক্যাবরেরাকে ছাঁটাইয়ের জোর দাবি ওঠে ফুটবল পাড়ায়। সমালোচনার পরও ক্যাবরেরাকে বরখাস্তের পথে হাঁটেননি বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অবশ্য সেই ম্যাচের পর আরও তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ১৪ অক্টোবর এশিয়ান কাপে হংকংয়ে গিয়ে অসাধারণ ফুটবল খেলা রাকিব হোসেনরা ১-১ গোলে ড্র করেছিলেন। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচে ঢাকায় নেপালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিলেন। তবে এশিয়ান কাপে বাংলাদেশের বড় প্রাপ্তি ২০২৫ সালের ১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে ১-০ গোলের ঐতিহাসিক জয়। সেই জয়ের পর ক্যাবরেরাকে নিয়ে সমালোচনা যেমন থেমে গেছে, তেমনি করে বাংলাদেশের ফুটবলের প্রশংসা ঝরেছে ফুটবলবোদ্ধাদের কণ্ঠে। ভারতকে হারানোয় অনেকেরই ধারণা ক্যাবরেরার সঙ্গে নতুন করে চুক্তি করবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আদতে সেই সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।
সর্বশেষ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে ক্যাবরেরার ভবিষ্যৎ নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তা না হলেও এ স্প্যানিশকে রাখবে কি রাখবে না, সেটা নিয়ে চিন্তিত বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিঙ্গাপুরের বিপক্ষে ৩১ মার্চের ম্যাচটির ফলের ওপর অনেকটাই নির্ভর করছে ক্যাবরেরার ভবিষ্যৎ। এই ম্যাচে ফল যেটাই হোক ক্যাবরেরারকে না রাখার পক্ষে ফেডারেশনের বড় একটি অংশ– এমনটাই জানিয়েছে বাফুফের ঘনিষ্ঠ একটি সূত্র, ‘ক্যাবরেরার সময়ে বাংলাদেশ যে খুব ভালো আবার খুব খারাপ করেছে, তা কিন্তু নয়। তাঁর অধীনে ভারতের বিপক্ষে জিতেছে। তাঁর আসল পরীক্ষা সিঙ্গাপুর ম্যাচ। সেই ম্যাচে হারলে ক্যাবরেরার অধ্যায়ের সমাপ্তি ঘটবে। আর ড্র কিংবা জিতলেও হয়তো তাঁকে রাখবে না বাফুফে। কারণ ফেডারেশনের বেশির ভাগই ক্যাবরেরার বিপক্ষে।’
চার বছরে বাংলাদেশের ডাগ আউটে দাঁড়ানো ক্যাবরেরার পারফরম্যান্স বিশ্লেষণ করলে হতাশাটাই বেশি ফুটে উঠবে। বাংলাদেশের কোচ হিসেবে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা ক্যাবরেরা অধীনে জাতীয় দল ম্যাচ খেলেছে ৩৭টি। এর মধ্যে ১০টিতে জয়, ১০টিতে ড্র এবং ১৭টিতে হেরেছে লাল-সবুজের দলটি। প্রতিপক্ষের জালে ৩০ বার বল পাঠানো বাংলাদেশ হজম করেছে ৫৪ গোল। ভারত ম্যাচটি বাদ দিলে বড় দলগুলোর বিপক্ষে ক্যাবরেরার সময়ে বাংলাদেশের জয় খুব একটা নেই। তাই বলা যায় ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটি বাংলাদেশের হয়ে ক্যাবরেরা পর্ব শেষ।
- বিষয় :
- হ্যাভিয়ের ক্যাবরেরা
- বাফুফে
