রদ্রিগোর হ্যাটট্রিকে উড়ে গেল গ্যালাতাসারে
ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৯ | ১৬:৪৬
রিয়ালে তরুণ ব্রাজিলিয়ান তারকা আসছেন এই আভাস মিলেছে বেশ আগেই। রিয়ালের হয়ে অভিষেক ম্যাচে প্রথম টাসেই গোল করে সেটার প্রমাণও দিয়েছেন। কিন্তু অপেক্ষা ছিল আরও বড় কিছুর, দুর্দান্ত কিছুর। চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে তুর্কি ক্লাব গ্যালাতাসারের বিপক্ষে হ্যাটট্রিক করে রিয়ালে বড় তারকার আর্বিভাব হচ্ছে সেই আভাস দিলেন রদ্রিগো। হ্যাটট্রিকের সঙ্গে গড়লেন চ্যাম্পিয়নস লিগের এক রেকর্ডও।
বল মাঠে গড়াতেই সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত কিছুর আভাস দেন ব্রাজিলের তরুণ রদ্রিগো গোয়েস। ম্যাচের চার মিনিটের মাথায় গোল করে লস ব্লাঙ্কোস ভক্তদের উচ্ছ্বাসে ভাসান তিনি। ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শুরুর একাদশে প্রথমবার নেমে জানিয়ে দেন ম্যাচের হেডলাইন লিখতে এসেছেন তিনি। ম্যাচের সাত মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেই সেটা নিশ্চিত করেন রদ্রিগো। হয়ে যান চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দ্রুত জোড়া গোল করা ফুটবলার।
আর যোগ করা সময়ে গোল করে পূর্ণ করেন রিয়ালের হয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক। যেভাবে ম্যাচ শুরু করেছিলেন ঠিক শেষটাও সেভাবেই করেন তিনি। তার অসাধারণ হ্যাটট্রিকের সঙ্গে করিম বেনজেমার জোড়া গোলে গ্যালাতাসারেকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
রদ্রিগোর হ্যাটট্রিক শুধু নয় তার করা গোল তিনটিও থাকবে চোখে লেগে। শুরুতে ব্রাজিল তারকা মার্সেলোর বাড়ানো ক্রস সামনে পড়ে রদ্রিগোর। বুকে নিয়ে দারুণ নিয়ন্ত্রণে এনে ড্রিবলিং করে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলে শট নেন তিনি। গ্যালাতাসারে গোলরক্ষক মুসোলেরাও বোকা বনে যান। পরের গোলটাও মার্সেলোর ক্রস থেকে। মাপা ক্রসে দারুণ এক হেড করে উরুগুয়ে গোলরক্ষককে দর্শক বানিয়ে রাখেন তিনি।
ম্যাচের ১৪ মিনিটে হ্যাটট্রিক পেয়ে যেতে পারতেন রদ্রিগো। কিন্তু বেশি তরুণ কি-না। তাই পেনাল্টিটা নেন রামোস। রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। প্রথমার্ধে করিম বেনজেমা আরও এক গোল করে দলকে ৪-০ গোলের লিড এনে দেন। বেনজেমাকে দিয়ে ওই গোলটিও করান রদ্রিগো।
প্রথমার্ধে বড় ব্যবধান এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ দ্বিতীয়ার্ধে রদ্রিগোর বদলি নামাবে এমই মনে হয়েছিল। কিন্তু রিয়াল কোচ জিনেদিন জিদান দ্বিতীয়ার্ধে কাসেমিরো, হ্যাজার্ডদের তুলে নিলেও পুরো সময় রদ্রিগোকে খেলানোর সিদ্ধান্ত নেন। ম্যাচের ৮১ মিনেটে কারভাহালের পাস ধরে গোল করে বেনজেমা দলকে ৫-০ গোলে এগিয়ে নেন। রদ্রিগোর সঙ্গে হ্যাটট্রিকের লড়াইয়ে নামেন তিনি। শেষ পর্যন্ত বেনজেমা নন হ্যাটট্রিক করেন ১৮ বছরের রিয়াল তরুণ রদ্রিগো। আর তাকে দিয়ে গোল করিয়েছেন বেনজেমা।
মাঝ মাঠ থেকে বল ধরে রদ্রিগো এক ছুটে গ্যালাতাসারে বক্সের কাছে চলে আসেন। বেনজেমার সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ঢুকে পড়েন গোলবারের কাছে। এরপর বেনজেমার বল ধরে আলতু টাসে জালে পাঠিয়ে দেন বল। পূর্ণ করেন হ্যাটট্রিক।
- বিষয় :
- খেলা
- ফুটবল
- রিয়াল-গ্যালাতাসারে
- রদ্রিগো
