ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শান্ত ও জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত

শান্ত ও জ্যোতিদের অস্ট্রেলিয়া সফরের সূচি চূড়ান্ত
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | ২০:৩১

চলতি বছর দুটি আলাদা সিরিজে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল। আসন্ন এই দুই সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগস্টে নাজমুল হোসেন শান্তর দল খেলবে দুটি টেস্ট ম্যাচ। এরপর অক্টোবরে নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ।

অস্ট্রেলিয়ার মাটিতে এই সফরে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ পুরুষ দল। আগামী ১৩ আগস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়তে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে শান্তরা।

পুরুষ দলের সফরের পরপরই অক্টোবর মাসে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেখানে তারা তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। এর আগে ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসেছিল অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এবার জ্যোতিদের ফিরতি সফরের পালা।

নারী দলের এই সফরের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে। ৯, ১১ ও ১৪ অক্টোবর হবে তিনটি ওয়ানডে। অন্যদিকে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ মাঠে গড়াবে সিডনির নর্থ সিডনি ওভাল মাঠে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৮, ২০ ও ২২ অক্টোবর।

আরও পড়ুন

×