পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন তামিম ও রিশাদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৩:৫২
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে মঙ্গলবার সকালে ঢাকা ছেড়েছেন তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। এর আগে সোমবার প্রথম ধাপে চার ক্রিকেটার দেশ ছাড়ায় এবারের পিএসএলে সুযোগ পাওয়া বাংলাদেশের ৬ ক্রিকেটারেরই পাকিস্তান যাত্রা সম্পন্ন হলো।
দেশ ছাড়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা। এবারের আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে মাঠ মাতাবেন লেগ স্পিনার রিশাদ। অন্যদিকে, সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ওপেনার তানজিদ তামিম খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে অবিক্রীত থাকা তামিমকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের প্রস্তুতির জন্য পিএসএলে সুযোগ পাওয়া ৬ ক্রিকেটারকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বিসিবি। এরপরই তাদের দেশে ফিরতে হবে।
এবারের পিএসএলে বাংলাদেশি ক্রিকেটারদের বেশ ভালোই কদর দেখা গেছে। এর মধ্যে মুস্তাফিজুর রহমান সরাসরি চুক্তিতে এবং বাকিরা নিলাম ও পরবর্তীতে চুক্তির মাধ্যমে দল পেয়েছেন। পেশোয়ার জালমিতে নাহিদ রানা, শরিফুল ইসলাম ও তানজিদ হাসান তামিম। লাহোর কালান্দার্সে মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন। রাওয়ালপিন্ডি পিন্ডিজে রিশাদ হোসেন।
- বিষয় :
- পিএসএল
- তানজিদ তামিম
- রিশাদ হোসেন
