ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিগ ব্যাশ মাতিয়ে বর্ষসেরা রিশাদ

বিগ ব্যাশ মাতিয়ে বর্ষসেরা রিশাদ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ১৯:২৫

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) নিজের অভিষেক আসরেই বাজিমাত করলেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২০২৫-২৬ মৌসুমের জন্য তাকে হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। বুধবার হোবার্ট হারিকেন্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

হোবার্টের জার্সিতে এটিই ছিল বিগ ব্যাশে রিশাদের প্রথম মৌসুম। আর প্রথম সুযোগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। পুরো আসরে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছেন এই টাইগার লেগ স্পিনার। তার বোলিং গড় ২০.৮৬ এবং ইকোনমি ৭.৮২। অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার ছিল এবারের আসরে তার সেরা বোলিং পারফরম্যান্স।

এই পুরস্কারের দৌড়ে রিশাদের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন নাথান এলিস, নিখিল চৌধুরী ও ক্রিস জর্ডানের মতো তারকারা। এলিস ১৪ উইকেট নিয়েছেন, নিখিল ব্যাট হাতে করেছেন ৩০০-এর বেশি রান, আর ইংলিশ পেসার জর্ডান গুরুত্বপূর্ণ সময়ে কার্যকর বোলিং করেছেন। তবে ধারাবাহিকতা ও ম্যাচে প্রভাব বিস্তারের দিক থেকে সবাইকে ছাড়িয়ে শেষ পর্যন্ত সেরার মুকুট পেয়েছেন রিশাদ।

মেয়েদের বিভাগে এই পুরস্কার জিতেছেন হোবার্টের ড্যানি ওয়াইট হজ। বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে ৪৩২ রান করেছেন এই ব্যাটসম্যান। দলকে প্রথমবার শিরোপা জেতাতেও রেখেছেন বড় ভূমিকা। প্রতিবছর ক্রিকেট তাসমানিয়া বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার দিয়ে থাকে।

আরও পড়ুন

×