ভারতের বিপক্ষে একাদশে রোনান, আজও বেঞ্চে ডেকলান-ইব্রাহিম
সাফ অনূর্ধ্ব-২০ ফাইনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:২৫ | আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:৩৮
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই লড়াই। ফাইনালে মাঠে নামার আগে সবচেয়ে বেশি আলোচনা ছিল দলের শুরুর একাদশ নিয়ে। তবে ভারতের বিপক্ষে ফাইনালেও প্রথম একাদশে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ তারকা ডেকলান সুলিভানের। প্রত্যাশামতোই একাদশে আছেন তার ভাই রোনান বেঞ্জামিন সুলিভান এবং মুর্শেদ আলীরা।
ফাইনালে বাংলাদেশ একাদশ: ইসমাইল হোসেন মাহিন (গোলরক্ষক), মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায়, মো. মানিক, নাজমুল হুদা ফয়সাল, মুর্শেদ আলী, রোনান বেঞ্জামিন সুলিভান, শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম এবং ইউসুফ আলী।
বাংলাদেশের এবারের অনূর্ধ্ব-২০ দলটি বেশ শক্তিশালী। বিশেষ করে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান এবং ডেকলান সুলিভানের অন্তর্ভুক্তিতে দলের ভারসাম্য অনেকটাই বেড়েছে। কিন্তু সমর্থকদের প্রবল আগ্রহ থাকা সত্ত্বেও দুই ভাইকে একসঙ্গে শুরুর একাদশে দেখা যাচ্ছে না। গত বুধবার নেপালের বিপক্ষে সেমিফাইনালে বদলি হিসেবে নেমে মাত্র ১০ মিনিট খেলেই নিজের দারুণ স্কিলের ঝলক দেখিয়েছিলেন ডেকলান। অনেকেই আশা করেছিলেন, ফাইনালে হয়তো তাকে শুরু থেকেই দেখা যাবে। কিন্তু হেড কোচ মার্ক কক্স আজও তাকে বেঞ্চেই রেখেছেন।
অন্যদিকে, গত তিন ম্যাচে মাঠজুড়ে দাপট দেখিয়ে রোনান সুলিভান প্রমাণ করেছেন তিনিই এই দলের ‘হৃৎস্পন্দন’। আক্রমণ তৈরি থেকে শুরু করে নিচে নেমে বিল্ডআপে সাহায্য করা সবখানেই তার দুর্দান্ত উপস্থিতি। টুর্নামেন্টে এরই মধ্যে দুই গোল করা এই ফরোয়ার্ডের দিকেই আজ তাকিয়ে থাকবে পুরো দল। তার পারফরম্যান্সই বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
গ্রুপ পর্বে এই ভারতের সঙ্গেই ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আর সেমিফাইনালে নেপালকে হারিয়ে বাংলাদেশ ও ভুটানকে হারিয়ে মেগা ফাইনালে ওঠে ভারত।
মালদ্বীপের মালেতে খেলা হলেও গ্যালারির পরিবেশ আজ থাকবে বাংলাদেশের পক্ষে। ১২ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে টিকিটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের। ফলে গ্যালারিভর্তি সমর্থন নিয়েই আজ শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে বাংলাদেশ দল।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- অনূর্ধ্ব-২০ সাফ
