ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

লিভারপুলকে হারিয়ে সেমির পথে এক পা পিএসজির

লিভারপুলকে হারিয়ে সেমির পথে এক পা পিএসজির
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১২:৩১

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে দারুণ জয় পেয়েছে পিএসজি। প্রথম লেগে তারা লিভারপুলকে ২-০ গোলে হারিয়েছে। বুধবার রাতে নিজেদের মাঠে এই জয় পায় লুইস এনরিকের দল। এর ফলে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ফরাসি জায়ান্টরা।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। ১১ মিনিটেই এগিয়ে যায় তারা। বক্সের বাঁ দিক থেকে শট নেন দজিরে দুয়ে। বলটি লিভারপুল ডিফেন্ডার রায়ান গ্রাভেনবার্চের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলরক্ষক জর্জি মামারদাশভিলি কোনো সুযোগই পাননি।

ম্যাচে অতি সাবধানী কৌশল ছিল লিভারপুলের। তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহকে বেঞ্চে রাখেন কোচ আর্নে স্লট। প্রথমার্ধে তারা একটি শটও নিতে পারেনি। এমনকি পুরো ম্যাচে লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি ইংলিশ ক্লাবটি।

বিরতির পর লিভারপুল কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে। তবে উল্টো ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। জোয়াও নেভেসের পাস পান খিচা কাভারাৎসখেলিয়া। দারুণ ড্রিবলিংয়ে বক্সে ঢোকেন তিনি। এরপর গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান জর্জিয়ান এই তারকা।

শেষ দিকে উসমান দেম্বেলের একটি শট পোস্টে লেগে ফেরে। তা না হলে ব্যবধান আরও বাড়তে পারত। আগামী মঙ্গলবার লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। ২-০ গোলের জয়ে পিএসজি অনেকটাই নির্ভার। অন্যদিকে সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে লিভারপুলকে এখন অসাধ্য সাধন করতে হবে।

আরও পড়ুন

×