ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অ্যাটলেটিকোর টিম বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা

অ্যাটলেটিকোর টিম বাসে হামলা, শাস্তির মুখে বার্সেলোনা
×

ছবি- গোলডটকম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১৬:৩২

বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তবে মাঠে রেফারির শুরুর বাঁশি বাজার আগেই ঘটে বিপত্তি। অ্যাটলেটিকো মাদ্রিদের টিম বাস স্টেডিয়ামে পৌঁছানোর রাস্তায় একদল বার্সেলোনা সমর্থক বাসটি লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছুড়তে থাকে। এতে সফরকারী দলের কোনো সদস্য আহত না হলেও বাসের বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে চালকের দিকের জানালার দুটি কাচ ভেঙে যায়। চলতি মৌসুমে এর আগেও একটি কাপ ম্যাচের সময়ও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল।

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে উয়েফার শাস্তির মুখে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এই ঘটনার জন্য কাতালান ক্লাবটিকে বড় অঙ্কের আর্থিক জরিমানা করা হতে পারে।

প্রতিপক্ষের মাঠে এমন আচরণে ক্ষুব্ধ অ্যাটলেটিকো কোচ দিয়েগো সিমিওনে। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সমাজ পরিবর্তন হয়নি এবং আমরা এটিকে ঠিকও করতে পারব না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং প্রতিবার বার্সেলোনা সফরে এলে সাধারণত এমনটাই ঘটে থাকে।’

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ এই ঘটনায় উয়েফার নীতিমালার কথা উল্লেখ করেছে। বিশেষ করে উয়েফা প্রতিযোগিতার ম্যাচগুলোতে ‘শৃঙ্খলারক্ষা ও নিরাপত্তা’ সম্পর্কিত ১৬ নম্বর অনুচ্ছেদের বিষয়টি সামনে এনেছে তারা।

এই অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ম্যাচের আগে, ম্যাচ চলাকালীন এবং ম্যাচের পরে স্টেডিয়ামের ভেতরে ও এর আশপাশের এলাকায় শৃঙ্খলা এবং নিরাপত্তার দায়িত্ব স্বাগতিক ক্লাব এবং জাতীয় অ্যাসোসিয়েশনের। সব অ্যাসোসিয়েশন এবং ক্লাবকে উয়েফার নিরাপত্তা বিধিমালা মেনে চলতে হবে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তারা দায়ী থাকবে। আয়োজনে তাদের কোনো অবহেলা ছিল না, এটি প্রমাণ করতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।’

মুন্দো দেপোর্তিভোর মতে, আয়োজক হিসেবে নিরাপত্তার এই ব্যর্থতার কারণে বার্সেলোনাকে আর্থিক জরিমানা গুনতে হতে পারে।

আরও পড়ুন

×