ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা, জয়ে ফিরে লিভারপুলের স্বস্তি

আর্সেনালের শিরোপা স্বপ্নে ধাক্কা, জয়ে ফিরে লিভারপুলের স্বস্তি
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬ | ১২:৩৪

মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে শীর্ষে থাকা আর্সেনাল। নিজেদের মাঠে বোর্নমাউথের কাছে হেরে বসেছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে, আর্সেনালের বিষাদের দিনে রিও এনগুমোহা ও মোহামেদ সালাহর গোলে জয়খরা কাটিয়েছে লিভারপুল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে শনিবার বোর্নমাউথের কাছে ২-১ গোলে হেরেছে আর্সেনাল। ম্যাচের ১৭ মিনিটে জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এই গোলের মাধ্যমে মাত্র চতুর্থ টিনএজার হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক মৌসুমে ১০ বা তার বেশি গোল করার দারুণ এক কীর্তি গড়েন ক্রুপি। ৩৫ মিনিটে স্পট কিকে আর্সেনালকে সমতায় ফেরান ভিক্টর ইয়োকেরেস। তবে ৭১ মিনিটে অ্যালেক্স স্কটের করা গোলটি আর শোধ দিতে পারেনি গানাররা।

এতে টানা চার জয়ের পর প্রিমিয়ার লিগে হারের মুখ দেখল আর্সেনাল। শিরোপার সুবাস পেতে পেতে এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ চার ম্যাচের তিনটিতেই হারের তেতো স্বাদ পেল তারা। এর মধ্যে এফএ কাপ ও লিগ কাপ থেকে বিদায় নেওয়ার হতাশাও রয়েছে দলটির।

একই রাতে নিজেদের মাঠ অ্যানফিল্ডে ফুলহামকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে লিগে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেল শিরোপাধারীরা। ম্যাচের ৩৬ মিনিটে বাঁ প্রান্ত থেকে কোনাকুনি শটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন রিও এনগুমোহা। এর ঠিক চার মিনিট পর ডান প্রান্ত থেকে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন বিদায়ী মিসরীয় তারকা মোহামেদ সালাহ। এবারের লিগে এটি তার ষষ্ঠ এবং চলতি মৌসুমে সব মিলিয়ে ১১তম গোল।

বোর্নমাউথের কাছে হারলেও ৩২ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে এখনও টেবিলের শীর্ষেই আছে আর্সেনাল। তবে ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে থাকা ম্যানচেস্টার সিটি শিরোপা লড়াই জমিয়ে তোলার সুযোগ পাচ্ছে।

অন্যদিকে, ফুলহামকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে লিভারপুল। ৩২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তারা। এক ম্যাচ কম খেলা চেলসি ৪৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

আরও পড়ুন

×