যুব এএফসির বাছাই আয়োজন করতে চায় বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬ | ১২:২৭
আগস্টে শুরু হবে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। নিজেদের মাটিতে ২০২৭ সালের এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব আয়োজনের জোর তৎপরতা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
রোববার ডেভেলপমেন্ট কমিটির সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে এমনটা জানান বাফুফে সহসভাপতি নাসের শাহরিয়ার জাহেদী, ‘আপনারা জানেন যে আগামী ২৫ আগস্ট থেকে এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাই শুরু হচ্ছে। এটাতে আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন স্বাগতিক হওয়ার জন্য এএফসির কাছে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবটা এএফসির সক্রিয় বিবেচনায় আছে এবং আশা করছি, এটা আমরা বাংলাদেশে করতে পারব ইনশাআল্লাহ।’
প্রতিযোগিতার আয়োজক হওয়ার আগ্রহ দেখালেও এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি। পল্টনের জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। জাতীয় স্টেডিয়ামের পিচ নতুন করে প্রস্তুত করা হচ্ছে। পিছিয়ে নেই কিংস অ্যারেনাও; সেখানে গ্যালারির ওপর শেড নির্মাণ, নতুন দর্শক-চেয়ার বসানো এবং প্রেস বক্স আধুনিকায়নের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
এই বিষয়টি নজরে আনলে জাহেদী বলেন, ‘১০ আগস্টের ভেতরে জাতীয় স্টেডিয়ামের কাজ সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। অর্থাৎ তারপরে আমাদের ১৫ দিন হাতে থাকছে। তো যদি এর ভেতরে আশা করছি আমরা কমপ্লিট করে ফেলতে পারব।’
অনূর্ধ্ব-২০ এএফসি কাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন বাংলাদেশের। সেই স্বপ্নপূরণে বাছাইয়ে যেন ভালো করতে পারে, তার জন্য জোর প্রস্তুতি হাতে নিয়েছে বাফুফে। ‘অনূর্ধ্ব-২০ দলকে আমরা মিনিমাম ছয় সপ্তাহের একটা ক্যাম্প করার পরিকল্পনা করছি। সম্ভব হলে ঢাকায় থাকবে তারা, যদি না হয় তখন চার সপ্তাহ যশোর শামসুল হুদা একাডেমিতে রাখব’– বলেন বাফুফে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান জাহেদী।
- বিষয় :
- বাফুফে
