রাজকোটের উইকেট কেমন হবে?
ছবি: পিটিআই
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৪:২৬
দিল্লির দূষণ থেকে পরিত্রাণ মিলতেই রাজকোটে ঘূর্ণিঝড়ের কবলে পড়েছে বাংলাদেশ-ভারতের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচে হেরে তিন ম্যাচের টি-২০ সিরিজে তাই পিছিয়ে পড়া ভারতের ওপর চাপও বেড়েছে। রাজকোটের আবহাওয়া নিয়ে রোহিতরা চিন্তিত। তাদের চিন্তা আছে একাদশ নিয়েও। একাদশে, বিশেষ করে বোলিং আক্রমণে পরিবর্তন আসছে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন রোহিত শর্মা।
ঘূর্ণিঝড় মহার প্রভাবে বুধবার সন্ধ্যায় ঘণ্টা খানেক ভারি বৃষ্টি হয়েছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার বৃষ্টি হওয়ার সম্ভবনা ৫০ ভাগ। তবে সেটা স্থানীয় সময় দুপুর ২টা থেকে বেলা ৫টার মধ্যে। বাংলাদেশ-ভারতের ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে গড়াবে। আবহাওয়ার পূর্বাভাস বলছে ওই সময়ে রাজাকোটের আকাশে থাকবে 'ঝাপসা চাঁদের আলো'। দিল্লির বায়ু দূষণের পর রাজকোটে ঘূর্ণিঝড় জয় করে ম্যাচটা তাই মাঠে গড়ানোর সম্ভাবনা প্রবল।

রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম ব্যাটসম্যানদের জন্য রানের হাত বাড়িয়ে দেয়। টি-২০ ক্রিকেটে ভক্তরা ধুম-ধাম চার-ছক্কার যে লড়াই খোঁজে রাজকোটের উইকেট তার আদর্শ। রাজকোটে আগের দুই টি-২০ ম্যাচ সেই ইঙ্গিতই দেয়। ২০১৭ সালের ঠিক এই নভেম্বরের শুরুতে রাজকোটে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-২০ ম্যাচে ৪০ রানে হারে ভারত। ওই ম্যাচে কলিন মুনরোর সেঞ্চুরিতে মাত্র ২ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে কিউইরা।
তার আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ভারত। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে অজিরা। ভারত ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। রাজকোটে যে দুটি ওয়ানডে হয়েছে তারও একটিতে দুই দলই তিনশ' ছাড়ানো রান তোলে। সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়াম তাই বড় রানের ইঙ্গিত দিচ্ছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রোহিত শর্মাও বলেন, দিল্লির উইকেট ছিল খুবই চ্যালেঞ্জিং। রাজাকোটর উইকেট ব্যাট করার জন্য সবসময়ই ভালো হয়। আশা করছি ভালো উইকেটই পাবো। আমাদের দল পরিবর্তন আনতে হবে। ব্যাটিং লাইন আপে বদল আনা দরকার আছে বলে মনে করছি না।' ভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, তিন স্পিনার নিয়েই নামবে ভারত। পেস বোলিং আক্রমণে প্রথম ম্যাচের দলে থাকা খলিল আহমেদের জায়গায় দলে ঢুকতে পারেন শার্দুল ঠাকুর।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- রাজকোট
- দ্বিতীয় টি-২০
