ঝড়ের শঙ্কা কাটিয়ে সময় মতো টসের আশা
ছবি: বিসিবি
আলী সেকান্দার, রাজকোট থেকে
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৬:৩৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৭:০৫
দিল্লিতে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজটা তাই রোহিত শর্মাদের জন্য হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। গুজরাটে ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলাদেশ ও ভারতীয় দলের পাশাপাশি ভক্তদের চিন্তায় ফেলে দেয়। সিরিজে সমতায় ফেরায় আশায় থাকা ভারত পড়ে যায় বাড়তি চাপে।
তবে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজকোটে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দুর্বল হয়ে গেছে। মহা এখন ভারতের পশ্চিমে দিক পরিবর্তন করেছে। সকাল থেকেই রাজকোটে ঝলমলে রোদ। সময় মতো টস হওয়া নিয়ে তাই নেই তেমন কোন শঙ্কা।
বাংলাদেশ দলে এ ম্যাচে পরিবর্তন আসার সম্ভাবনা কম। প্রথম ম্যাচে জয়ী দলের সমন্বয় নিয়েই নামবে বাংলাদেশ
এর আগে আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বেলা ৫টার মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ৫০ ভাগ। প্রকৃতি সেটাও ভুল প্রমাণ করেছে। বৃষ্টি হয়নি। বৃষ্টির সম্ভাবনাও সৃষ্টি হয়নি। রাতেও আকাশ পরিষ্কার থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের এই ইঙ্গিত ভুল না হলে সময় মতোই হবে ম্যাচ।
বাংলাদেশ দলে এ ম্যাচে পরিবর্তন আসার সম্ভাবনা কম। প্রথম ম্যাচে জয়ী দলের সমন্বয় নিয়েই নামবে বাংলাদেশ। তবে ভারতীয় দলে আসতে পারে পরিবর্তন। ব্যাটিং লাইন আপে পরিবর্তন নয় বরং বোলিং আক্রমণে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। খলিল আহমেদের জায়গায় শার্দুল ঠাকুর দলে আসতে পারেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইঙ্গিত দিয়েছে।
বাংলাদেশের সম্ভব্য একাদশ: লিটন দাস, নাঈম হাসান, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভব্য একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেএল রাহুল, শ্রেয়াস আয়ার, ঋষভ পান্ত, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, যুজবেন্দ্র চাহাল।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত
- দ্বিতীয় টি-২০
- রাজকোট
