নাহিদে রোমাঞ্চিত সাবেকরা
ছবি- বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ১২:২৯
জোরে করা বলগুলো ব্যাটারের ডান-বাঁ দিক দিয়ে যেভাবে বাতাসের গতিতে বেরিয়ে যায়, তাতে থাকে বারুদমাখা উত্তাপ। যে বলগুলো তিনি স্টাম্পে রাখেন, সেগুলোর আবেদন ভয়ংকর সুন্দর। ইয়র্কার ডেলিভারিতে উইকেট পেলে তা নিয়ে একটি ছোট গল্প লেখার প্লট পেয়ে যান লেখক। কিন্তু যাঁকে বিশেষায়িত করা, সেই তরুণ তুর্কিকে এসব আকৃষ্ট করে না। মাঠের বাইরের কোনো কিছুকেই মাথায় নিতে চান না তিনি। চাঁপাই এক্সপ্রেস তকমা নিতেও কেমন জড়তা তাঁর। একটি ভালো ডেলিভারি, একটি দুর্দান্ত ওভার বা কার্যকর স্পেল করতে পারলেই খুশি হন তিনি। নাহিদ রানার এই উপলব্ধি প্রশংসিত হওয়ার মতোই। দেশ-বিদেশ থেকে প্রশংসা পাচ্ছেন। জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, পেসার নাজমুল ইসলাম, শাহরিয়ার নাফীস তো নাহিদ রানাকে দেশের ক্রিকেটের সম্পদ মনে করেন।
খালেদ মাহমুদ সুজনের মতে, ‘ও অসাধারণ একজন বোলার। এই সিরিজে একই গতিতে টানা বল করেছে। ১৪০ থেকে ১৫০ কিলোমিটারের বেশি গতি তুলেছে। পেস বোলিংয়ে একটা ভাইব্রেশন অনুভব করছি। ইনজুরিমুক্ত থেকে খেলতে পারলে আমার বিশ্বাস সে অনেক দূর যাবে।’
সুজন জানান, রাজশাহী বিভাগে টেপ টেনিস খেলার সময় থেকে জোরে বোলিং করা পছন্দ নাহিদ রানার। কোচের দৃষ্টিকোণ থেকে টাইগার এই ফাস্ট বোলারকে কিছু পরামর্শও দিয়েছেন তিনি, ‘স্কিল নিয়ে ওকে কাজ করতে হবে। গতি দিয়ে সে ব্যাটারদের চাপে রাখবে। সুইং, ইয়র্কার থাকলে আরও ভালো হবে।’ এই কোচের মতে, ‘ওয়াসিম আকরাম আমাকে বলেছিল, পেস থাকলে সুইং থাকাটা খুব জরুরি। নাহিদ সুইংয়ে উন্নতি করে ফেললে ওকে ফেস করা কঠিন হবে। ওকে পুরোনো বলে বল করা শিখতে হবে। ইয়র্কারে তো বোল্ডও করেছে গতকাল (বৃহস্পতিবার)।’
জাতীয় দলের বিদেশি কোচ শন টেইট ছাড়াও নাহিদের বোলিং নিয়ে কাজ করেন নাজমুল হোসেন। তাঁর মতে, ‘অবশ্যই একটা ভালো দিক নাহিদ রানার বলে গতি আছে। তবে সে মাত্র ১১টি ম্যাচ খেলেছে। এক বছর আগেও তাকে কেউ সেভাবে চিনত না। এখন সবাই চেনে তাকে জানে। নাহিদের বোলিং নিয়ে প্রতিপক্ষ বিশ্লেষণ করবে। এ কারণে তাকে বোলিং বৈচিত্র্য নিয়ে কাজ করতে হবে।’
তিনি জানান, ‘আমি ওর সঙ্গে কাজ করি। ও ইয়র্কার এবং স্লোয়ার আয়ত্তে আনার চেষ্টা করছে। সেটা হয়ে গেলে খুব কার্যকর হবে।’ নাজমুল মনে করেন, ২০২৭ সালের বিশ্বকাপের পর পেস বোলিংয়ে লিড দেবেন নাহিদ। তবে তাঁকে তিন সংস্করণে নিয়মিত খেলানোর বিপক্ষে বিসিবির এই কোচ।
তিনি বলেন, ‘নাহিদ রানা একমাত্র বোলার ধারাবাহিকভাবে ১৪০ প্লাস গতিতে বল করে। বাংলাদেশের ইতিহাসে এ রকম বোলার আসেনি। তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব।’
শাহরিয়ার নাফীসের দৃষ্টিতে নাহিদের কারণেই প্রতিপক্ষে ব্যাটিং লাইনআপ আতঙ্কে থাকে। জাতীয় দলের সাবেক এই ব্যাটারের মতে, ‘দেশের মাটিতে টানা দু্টি সিরিজের সেরা হওয়া বিরাট ব্যাপার। ফাস্ট বোলারদের আইকন সে। ভবিষ্যতের ফাস্ট বোলাররা রানাকে অনুসরণ করবে।’
নাহিদ রানা নিজের প্রথম পাঁচ ওয়ানডে ম্যাচে তেমন ভালো করতে পারেননি। সেই তিনি এ বছর দুটি সিরিজ খেলে হলেন সেরা। মাশরাফি বিন মুর্তজার পর দেশের দ্বিতীয় পেসার হিসেবে দুবার পেয়েছেন সিরিজ সেরার পুরস্কার। তবে নাহিদ রানার মতো টানা দুই সিরিজ সেরা হতে পারেননি মাশরাফি। চাঁপাই এক্সপ্রেস এদিক থেকে নড়াইল এক্সপ্রেসকে ছাপিয়ে গেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে নাহিদের বোলিং ইকোনমি ৪.৪৬। একাধিক ম্যাচের সিরিজে নিজের সেরা এটি। তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার তাঁর।
- বিষয় :
- নাহিদ রানা
