বিসিবি পরিচালক পদে নারী ক্রিকেটারদের প্রতিনিধিত্ব চান রুমানা
সাবেক জাতীয় অধিনায়ক রুমানা আহমেদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ১৪:৫৮
দেশের ক্রিকেটের নীতিনির্ধারণী পর্যায়ে এবার নারী ক্রিকেটারদের পদচারণা দেখতে চান সাবেক জাতীয় অধিনায়ক রুমানা আহমেদ। শনিবার ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রুমানা বলেন, এটি হবে দেশের নারী ক্রিকেটের জন্য একটি যুগান্তকারী ও ইতিবাচক পদক্ষেপ।
বর্তমানে তামিম ইকবালের নেতৃত্বাধীন ১১ সদস্যের অ্যাড-হক কমিটি বিসিবির অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছে। আগামী জুনের মাঝামাঝি সময়ে বিসিবি নির্বাচনের তোড়জোড় চলছে। এই প্রেক্ষাপটে রুমানা বলেন, ‘নারী ক্রিকেটের খুঁটিনাটি সমস্যাগুলো কেবল একজন নারী ক্রিকেটারই ভালো বুঝতে পারবেন। বোর্ডের ভেতরে আমাদের পক্ষ থেকে কেউ থাকলে তা মাঠের ক্রিকেটের উন্নয়ন ও নারীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখবে।’
বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী ২৫ জন পরিচালক নির্বাচিত হন তিনটি ক্যাটাগরি ও এনএসসি কোটায়। তবে এখন পর্যন্ত কোনো নারী ক্রিকেটারের জন্য নির্দিষ্ট পদ বা কোটা নেই। রুমানা নিজেও স্বীকার করেছেন যে, গঠনতন্ত্র সংশোধন ছাড়া এই অন্তর্ভুক্তি সম্ভব নয়। তিনি আক্ষেপ করে বলেন, ‘ছেলেরা যেহেতু তাদের পক্ষ থেকে বোর্ডে আসার সুযোগ পাচ্ছেন, মেয়েদের ক্ষেত্রেও তেমনটা হওয়া উচিত।’
- বিষয় :
- রুমানা আহমেদ
