ইমনের ঝোড়ো ইনিংস থামালেন ক্লার্কসন
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৬:৫১ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:৩৬
উইকেটে এসে টর্নেডো গতিতে রান তুলেছিলেন পারভেজ হোসেন ইমন। তবে তার ২০০ স্ট্রাইক রেটের সেই ক্যামিও ইনিংসটি বড় করতে দেননি জশ ক্লার্কসন। লং অফে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার। মাত্র ১৪ বলে ২৮ রানের এক ঝোড়ো ইনিংস খেলেন ইমন। তার ইনিংসে ছিল ১চার ও ২টি ছক্কার মার। ৬ নম্বরে ব্যাট করতে নেমেছেন শামীম হোসেন। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৫ রানে ব্যাট করছে বাংলাদেশ। জিততে হলে ৩০ বলে দরকার ৪৮ রান।
এবার ফিরলেন তানজিদ, বড় চাপে বাংলাদেশ
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম সাজঘরে ফিরেছেন। স্পিনার ইশ সোধির বলে আউট হওয়ার আগে ২৫ বলে ২০ রান করেন তিনি। তানজিদের বিদায়ের পর বাংলাদেশের জন্য লক্ষ্যটা আরও কঠিন হয়ে পড়েছে। জয়ের জন্য এখন ওভার প্রতি ১০.৬০ হারে রান তুলতে হবে টাইগারদের। লিটন দাসের সঙ্গী হিসেবে নেমেছেন পারভেজ হোসেন ইমন। ১১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৯৬ রানে ব্যাট করছে বাংলাদেশ।
দলকে চাপে রেখে ফিরলেন লিটন
শুরুর দিকে মন্থর গতিতে খেলার কারণে রানরেট বাড়াতে হত বাংলাদেশ। যেটা মেটাতে গিয়ে আক্রমণাত্বক হতে হয়েছে লিটনকে। যার খেসারত তিনি দিয়েছেন ইশ সোধির বলে বোল্ড হয়ে। সাজঘরে ফেরার আগে ১৫ বলে দুই চার ও এক ছক্কায় ২১ রান করেন লিটন। তার বিদায়ে ভাঙে ২০ বল স্থায়ী ২৫ রানের জুটি। ৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৬।
সাইফের বিদায়ে ভাঙল উদ্বোধনী জুটি, চাপে বাংলাদেশ
নিউজিল্যান্ডের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে মন্থর শুরুর পর প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। পাওয়ার প্লের শেষ ওভারে ওপেনার সাইফ হাসানের বিদায়ে ৪১ রানে ভেঙেছে টাইগারদের উদ্বোধনী জুটি। ৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫১ রান।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি তারা। ৩৩ বলে ৪১ রান যোগ করেন দুজনে। শেষ পর্যন্ত নাথান স্মিথকে ছক্কা মারতে গিয়ে টাইমিং মিস করে সাজঘরে ফেরেন সাইফ। ১৬ বলে ১৭ রান করেন তিনি। তানজিদের সঙ্গী হিসেবে ক্রিজে অধিনায়ক লিটন দাস।
এর আগে টস জিতে কিউইদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ওভারে রবিনসন রান আউট হলেও কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লেভারের ব্যাটে বড় সংগ্রহের ভিত পায় সফরকারীরা। ক্লার্ক জীবন পেয়ে ৩৭ বলে ৫১ এবং ক্লেভার ২৭ বলে ৫১ রান করেন। মাঝপথে রিশাদ হোসেনের বোলিংয়ে ধস নামে কিউই শিবিরে। ১১ থেকে ১৫তম ওভারের মধ্যে মাত্র ৩০ রান যোগ করতে তারা হারায় ৪ উইকেট।
তবে শেষ ৫ ওভারে জশ ক্লার্কসন ও অধিনায়ক নিক কেলির ব্যাটে ৫২ রান তুলে ঘুরে দাঁড়ায় নিউজিল্যান্ড। কেলি ৩৯ রানে ফিরলেও ক্লার্কসন ১৪ বলে ২৭ রানের ক্যামিও খেলেন। বাংলাদেশের হয়ে ৩২ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার রিশাদ হোসেন। এ ছাড়া শরিফুল, তানজিম সাকিব ও শেখ মেহেদী একটি করে উইকেট পেলেও উইকেটশূন্য ছিলেন অভিষিক্ত রিপন মণ্ডল।
