ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ক্রিকেটকে ‘ফুটবল’ হতে দেবে না ভারত-অস্ট্রেলিয়া: ক্লাসেন

ক্রিকেটকে ‘ফুটবল’ হতে দেবে না ভারত-অস্ট্রেলিয়া: ক্লাসেন
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৪:৫৫

বিশ্ব ক্রিকেট এখন ফ্র্যাঞ্চাইজি লিগের মোহে আচ্ছন্ন। আইপিএল থেকে শুরু করে বিশ্বের আনাচে-কানাচে ছড়িয়ে পড়া এসব লিগ আন্তর্জাতিক ক্রিকেটের সূচিকেও পাল্টে দিচ্ছে। অনেক ক্রিকেটার ক্যারিয়ারের মধ্যগগনেই জাতীয় দল থেকে অবসর নিচ্ছেন শুধু ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে সময় দেওয়ার জন্য। দক্ষিণ আফ্রিকার ৩৩ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসেনও আছেন সেই দলে। তবে ক্লাসেন মনে করেন, ক্রিকেট পুরোপুরি ‘ফুটবল’ হয়ে ওঠার পথে প্রধান বাধা হয়ে দাঁড়াবে ক্রিকেটের ঐতিহ্যবাহী শক্তিগুলো।

ফুটবলে ক্লাবগুলোই খেলার প্রাণকেন্দ্র। ক্রিকেটেও ফ্র্যাঞ্চাইজিগুলো সেই জায়গা দখল করছে বলে মনে করেন বর্তমানে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা ক্লাসেন। ভারতীয় সংবাদমাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি ক্রিকেট ধীরে ধীরে ফুটবলের পথেই যেতে চায়। কিন্তু ক্রিকেটের ঐতিহ্যবাহী দলগুলো বিশেষ করে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং সম্ভবত নিউজিল্যান্ড এটা কখনোই হতে দেবে না।’

তিনি আরও যোগ করেন, ‘তারা চাইবে টেস্ট ক্রিকেট টিকে থাকুক। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর মতো শক্তিশালী সংস্থা থাকায়, সারা বিশ্বে শুধু টি-টোয়েন্টি খেলা হবে এবং আন্তর্জাতিক ক্রিকেট বছরে মাত্র দুই মাসে সীমাবদ্ধ থাকবে,এমন সিদ্ধান্ত কখনোই বাস্তবায়িত হবে না।’

নিজের আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার কারণ হিসেবে ক্লাসেন আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে, ক্রিকেট এখন একটি ব্যবসার মতো। তিনি বলেন, ‘কখনও কখনও আন্তর্জাতিক দলে জায়গা পাওয়া কঠিন হয়, বা সেখান থেকে আয়ও ততটা বেশি হয় না। দিনশেষে এটা একটা ব্যবসার মতোই, আর আপনি চাইবেন আপনার পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে। ক্রিকেটারদের হাতে সময়ও খুব সীমিত থাকে।’

টেস্ট ক্রিকেটেও এখন ‘বাজবল’-এর মতো আক্রমণাত্মক ধরন দেখা যাচ্ছে, যা মূলত টি-টোয়েন্টিরই প্রভাব। ক্লাসেন একে ইতিবাচক হিসেবেই দেখছেন। তার মতে, ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য টি-টোয়েন্টিই সবচেয়ে কার্যকর ফরম্যাট। তিনি মনে করেন, সময়ের প্রয়োজনে অন্য ফরম্যাটগুলো কিছুটা মন্থর হয়ে পড়লেও টি-টোয়েন্টিই ক্রিকেটকে যুগের সাথে তাল মিলিয়ে প্রাসঙ্গিক রাখবে।

আরও পড়ুন

×