ফিক্সিং ঠেকাতে ডিপিএলের ড্রেসিংরুমে ফোন ব্যবহার নিষিদ্ধ
ফাইল ছবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৬:২৯
৪ মে থেকে পর্দা উঠছে দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ঘরোয়া আসর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল)। এবারের আসরকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে কোনো ক্রিকেটার বা কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
শনিবার মিরপুরে বিসিবির অ্যাড-হক কমিটির প্রধান তামিম ইকবাল এই কঠোর বার্তার কথা জানান। তিনি বলেন, ‘ঢাকা লিগে এবার কেউ ড্রেসিংরুমে ফোন ব্যবহার করতে পারবে না। মাঠে ঢুকেই প্রত্যেককে ফোন জমা দিতে হবে।’ মূলত ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো অসাধু উপায়ের সুযোগ বন্ধ করতেই এই নিয়ম চালু করা হয়েছে।
গত কয়েক বছরে ডিপিএলের আম্পায়ারিং এবং ফলাফল নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। ক্লাবগুলোর মধ্যে সেই আস্থাহীনতা দূর করার উদ্যোগ নিয়েছে বর্তমান বোর্ড। তামিম ইকবাল বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমরা ক্লাবগুলোকে ডেকেছি এবং তাদের আশ্বস্ত করেছি যে অতীতে যা হয়েছে, তা আর হবে না। সবকিছু এবার ঠিকঠাকভাবে হবে। লিগ আয়োজনে তাদের সহযোগিতার জন্য প্রত্যেকটি ক্লাবকে ধন্যবাদ জানাই।’
তামিম আরও যোগ করেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য এটি আমাদের ইকো-সিস্টেমের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। কয়েক মাস ক্রিকেট বন্ধ থাকায় এটা আয়োজন করা চ্যালেঞ্জিং ছিল, তবে আমরা এবং বোর্ডের সদস্যরা একে মাঠে ফেরানোকেই প্রথম চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম।’
সিসিডিএম এবং বিসিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমের এই ডিপিএল ৪ মে শুরু হয়ে শেষ হবে আগামী ১১ জুন।
- বিষয় :
- ডিপিএল
- তামিম ইকবাল
