দু'বার জীবন পেয়ে ফিরলেন লিটন
ছবি: এএফপি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৮:২৫ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৮:৩৪
রাজাকোটে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ওপেনার নাঈম শেখ এবং লিটন দাস ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন। দু'জনে যোগ করেন ৬০ রান। এরপর লিটন দাস নিজের ভুলে রান আউট হয়ে ফিরে যান। খেলেন ২১ বলে ২৯ রানের ইনিংস।
আউট হওয়ার আগে দু'বার জীবন পান লিটন দাস। ইনিংসের ৫.৩ ওভারে যুজবেন্দ্র চাহালের বলে ডাউট দ্য উইকেটে এসে খেলেন। কিন্তু ব্যাটে-বলে সংযোগ হয়নি। উইকেটরক্ষক ঋষভ পান্তের গ্লাভসে চলে যায় বল। তিনি স্টাম্পিংও করেন। কিন্তু স্টাম্পের আগে বল ধরায় নো বল হয়ে যায়। স্টাম্পিং হতে বেঁচে যান লিটন। সঙ্গে পান ফ্রি হিট।
পরের ওভারে আবার জীবন পান লিটন দাস। ওয়াশিংটন সুন্দরকে স্লগ সুইপ করতে যান তিনি। বল উঠে যায় উপরে। শিভাম দুবে, ঋষভ পান্ত এবং রোহিম শর্মার মাঝে যায় বল। ভারতীয় অধিনায়ক ক্যাচ ধরার জন্য লাফিয়ে পড়েন। বল হাতে পড়লেও তালুবন্দি করতে পারেনি তিনি। দুই জীবন পাওয়া লিটন সেটা ঠিক কাজে লাগাতে পারেননি। পরের ওভারের ঠিক দ্বিতীয় বলে চাহালের ওভারে রান আউট হয়ে ফেরেন তিনি। বল ছিল ক্রিজের ওপরই। লিটন বল না দেখেই রান নিতে যান। কিন্তু নন স্ট্রাইক থেকে সাড়া না পেয়ে ফিরে যাওয়ার চেষ্টা করলেও পারেননি।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ-ভারত-২০১৯
- দ্বিতীয় টি-২০
- লিটন
