ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খরচ বাড়ছে ঢাকা প্রিমিয়ার লিগে

খরচ বাড়ছে ঢাকা প্রিমিয়ার লিগে
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১১:৪৩

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজনের প্রক্রিয়াগুলো ভালোভাবেই এগিয়ে নিয়েছেন তামিম ইকবাল। আগামীকাল সোমবার মাঠে গড়াচ্ছে লিগের খেলা। গতকাল শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লোগো ও ট্রফি উন্মোচন করা হয়েছে। এক মাস আগেও লিগের দাবিতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) মাধ্যমে একাট্টা হতে হয়েছিল ক্রিকেটারদের। 

তামিম ইকবাল অ্যাডহক কমিটির সভাপতি হয়েই ডিপিএলের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন। ক্লাব সংগঠকদের দাবিদাওয়া মেনে নিয়ে ১২টি দলের লিগে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এখানেই শেষ নয়, এবার লিগে স্পন্সরও পেয়েছে বিসিবি। লিগে বেশ কিছু জায়গায় নতুনত্ব এসেছে। খেলার দিন বিসিবি থেকে দলগুলোকে দুপুরের খাবার দেওয়া হবে। সভাপতি তামিম ইকবাল ভাত-মাছের পরিবর্তে গ্রিলড চিকেন ও রুটি দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এত কিছু করতে গিয়ে খরচের খাতটাও বড় হয়েছে। লিগ সম্পন্ন করতে পাঁচ কোটি টাকা লেগে যেতে পারে।

এই প্রথম ছয়টি মাঠে ১২ দলের ম্যাচ হবে। আগে এক রাউন্ডের খেলা শেষ হতে দুই দিন লেগেছে। প্রতিদিন তিনটি করে ম্যাচ হতো। এবার ১১ রাউন্ডের খেলা ১১ দিনে শেষ করতে পারবে। বৃষ্টির মৌসুমে খেলা হওয়ায় রিজার্ভ ডে রাখা হয়েছে। দ্রুত লিগ শেষ করার জন্য সুপার লিগ হবে না। ক্লাবের দাবির মুখে রেলিগেশনও বাতিল করা হয়েছে। বিদেশি ক্রিকেটার খেলানোর নিয়ম ফেরাতে না পারা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। লিগের খেলাগুলো হবে ঢাকা ও বিকেএসপির ছয়টি মাঠে। পিকেএসপি, ক্রিকেটার্স একাডেমি, বসুন্ধরা ও ইউল্যাবের ক্রিকেট মাঠ এবং বিকেএসপির দুটি মাঠে খেলা হবে। বিকেএসপি ছাড়া বাকি চারটি মাঠে লিস্ট-এ ম্যাচ হবে প্রথম। 

ঢাকা এবং পার্শ্ববর্তী চারটি মাঠ ভাড়া দিতে হবে বিসিবিকে। চারটি মাঠ ভাড়া বাবদ ১১ রাউন্ডে ১১ লাখ টাকা খরচ হবে। দুপুরের খাবারের ব্যাপারে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানান, ম্যাচে বাঙালি খাবার থাকবে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ফিটনেস নিয়ে আমরা অনেক কথা বলি, চিন্তা করি। ফিটনেস পরীক্ষায় ন্যূনতম স্কোর না পেলে টুর্নামেন্ট খেলতে দেওয়া হয় না। কিন্তু ফিটনেস পরীক্ষা শেষ করার পর দেখা যায় লাঞ্চে আলু ভর্তা, গরুর মাংস আর ভাত থাকে। ফিটনেস নিয়ে এত ভাবনা যদি থাকে বা মানদণ্ড সেট করতে চান, সব দিক থেকেই চেষ্টা করতে হবে। এবার আমরা বিসিবির পক্ষ থেকে প্রতিটি দলকে লাঞ্চও প্রোভাইড করছি।’ 

তিনি আরও বলেন, ‘এটা জানি যে হুট করে ওই ভাতের অভ্যাস থেকে গ্রিলড চিকেনে নিয়ে আসা। আমাদের জাতীয় দল বা ‘এ’ দল কিংবা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা এই খাবারের সঙ্গে অভ্যস্ত কিন্তু যারা ঘরোয়া ক্রিকেটে খেলেন, তাদের জন্য পুরো বদল করে দেওয়া কঠিন। তবে অন্তত স্বাস্থ্যকরভাবে রান্না হবে বা একটা ভালো মেন্যু সেট করে দেওয়া হবে। খাবারের মান তাই এবার অনেক ভালো হবে।’ 

প্রতিটি ম্যাচ ভেন্যুতে অ্যাম্বুলেন্স থাকবে। কোনো কোনো মাঠে আইসিই অ্যাম্বুলেন্স রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার দুর্নীতি দমন বিভাগের কর্মশালা শুরু হয়েছে। ১২টি দলের খেলোয়াড় ও ম্যানেজমেন্টকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করা হয়েছে। কারণ এবার ম্যাচ ভেন্যুতে দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তাদের সতর্ক উপস্থিতি থাকবে। ড্রেসিংরুমে মোবাইল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে জানান বিসিবি সভাপতি। ২০২৫-২৬ ডিপিএলে স্পন্সর হয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ ও বসুন্ধরা সিমেন্ট। মূল স্পন্সর ওয়ালটন স্মার্ট ফ্রিজের নামে নামকরণ করা হয়েছে। স্পন্সর পেলেও কোষাগার থেকে মোটা অঙ্কের টাকা খরচ করতে হবে বিসিবিকে। কারণ এই লিগ সম্পন্ন করতে প্রায় ৫ কোটি টাকা লাগবে।

আরও পড়ুন

×